২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুয়ারেসের রেকর্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক গোল করে চলেছেন। লিভারপুলের সাবেক স্ট্রাইকার রবি ফাওলারের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড তাই অনায়াসেই ছুঁয়েছেন লুইস সুয়ারেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 04:50 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

উরুগুয়ের এই স্ট্রাইকারের হ্যাটট্রিকে শনিবার কার্ডিফ সিটিকে ৬-৩ গোলে উড়িয়ে দেয় লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে সুয়ারেসের গোলসংখ্যা বেড়ে দাঁড়ায় ২৮টিতে। ১৯৯৫-৯৬ মৌসুমে 'অল রেডস'দের হয়ে সমান সংখ্যক গোল করেছিলেন ইংল্যান্ডের স্ট্রাইকার ফাওলার। এখন পর্যন্ত ইংল্যান্ডের সর্বোচ্চ লিগে এক মৌসুমে লিভারপুলের কোনো স্ট্রাইকারের করা এটাই সর্বোচ্চ গোলসংখ্যা।

অ্যানফিল্ডের এই দলটির সমর্থকদের কাছে 'ঈশ্বর' নামে পরিচিত ফাওলার।

নিষেধাজ্ঞার কারণে ইপিএলের প্রথম পাঁচ ম্যাচ খেলতে পারেননি ২৭ বছর বয়সী সুয়ারেস। তবে এরপর আর আটকানো যায়নি তাকে। পরের ২৫ ম্যাচ খেলে গোলগুলো করেন তিনি। লিগে এখনও আটটি ম্যাচ বাকি লিভারপুলের। সুতরাং সুয়ারেস যে লিভারপুলের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করার পরও অনেক দূর নিয়ে যাবেন, তা বলাই যায়।

শুধু সুয়ারেস নয়, অ্যানফিল্ডের আক্রমণভাগের অন্য খেলোয়াড়রাও এবার দারুণ ছন্দে আছেন। স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ যেমন করেছেন দলের দ্বিতীয় সর্বোচ্চ ১৯ গোল।

সুয়ারেস-স্টারিজদের দাপটে লিভারপুলও ছাড়িয়ে গেছে এক মৌসুমে তাদের সর্বোচ্চ গোলের পুরনো রেকর্ডকে। চলতি মৌসুমে লিগে মোট ৮২ গোল করেছে তারা। তাদের সর্বোচ্চ গোলের আগের হিসেবটা ছিল ৭৭ গোলের, ২০০৮-০৯ মৌসুমে।