রিয়াল-বার্সা মহারণের অপেক্ষা
সান্তিয়াগো বার্নাবেউতে কেউ প্রতিশোধের গন্ধ খুঁজে বেড়াচ্ছেন। কারো-কারো চোখে আবার স্প্যানিশ লিগ শিরোপার সোনালি ঝিলিক। রোববার রিয়াল মাদ্রিদের মাঠে অতিথি হয়ে যাচ্ছে বার্সেলোনা।
ক্লাব ফুটবলের অন্যতম সেরা লড়াই ‘এল ক্লাসিকো’র জন্য অপেক্ষায় থাকে ফুটবল-বিশ্ব। তবে এবার রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য অপেক্ষাটা একটু অন্যরকম। বার্নাবেউয়ের আকাশে প্রতিধ্বনিত হচ্ছে ‘প্রতিশোধ’ শব্দটি। এবারের লা লিগায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম লড়াইয়ে বার্সেলোনার মাঠ ক্যাম্প নউ থেকে হেরে এসেছিল রিয়াল। রিয়াল সমর্থকরা তাই ঘরের মাঠে প্রতিশোধের নেশায় উন্মত্ত।দলের কাছে জয়ের প্রত্যাশা রিয়াল সমর্থকরা করতেই পারে। গত অক্টোবরে ক্যাম্প নউ থেকে ২-১ গোলে হেরে যাওয়া রিয়াল এখন দারুণ ছন্দে। ঐ এল ক্লাসিকোর পর লা লিগায় আর কোনো ম্যাচ হারেনি তারা। অন্যদিকে দারুণভাবে মৌসুম শুরু করলেও হঠাৎ ছন্দ হারিয়ে ফেলা বার্সেলোনা এর পর লিগে চারটি ম্যাচ হেরেছে আর ড্র করেছে দুটি।ফুটবল বিশ্বে উত্তেজনার রেণু ছড়িয়ে দেয়া রিয়াল-বার্সার রোমাঞ্চকর দ্বৈরথের কুশীলবরা অবশ্য ভালো ছন্দে আছেন। দুই দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসি এল ক্লাসিকোর ‘পোশাকি মহড়া’ সেরে রেখেছেন ভালোভাবে।গত রোববার লা লিগায় বার্সেলোনার সর্বশেষ ম্যাচে মেসি ওসাসুনার বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেছেন। তার ৪৮ ঘণ্টা পরই রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে শালকের বিপক্ষে জোড়া গোল করে জানিয়ে দিয়েছেন, তিনিও এল ক্লাসিকোর জন্য প্রস্তুত।ফিফা ব্যালন ডি’অর জয়ী রোনালদো এ মৌসুমে গোল করেছেন ৪১টি। এর মধ্যে ২৫টি গোল করে এই পর্তুগিজ তারকা এখন লা লিগার সর্বোচ্চ গোলদাতার শীর্ষাসনেও। চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকলেও ৩১ গোল করে মেসিও ছন্দেই আছেন।মেসি-রোনালদো ছাড়া এল ক্লাসিকোতে নেইমার ও গ্যারেথ বেলের লড়াইও এখন বাড়তি আকর্ষণ।পাঁচ মাস আগের লড়াইয়ে বার্সার ব্রাজিলিয়ান তারকা নেইমার গোল পেলেও বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার বেল ছিলেন অনেকখানি ম্লান। অনেকে তখন বলতেও শুরু করেছিল, রেকর্ড ১০০ মিলিয়ন ট্রান্সফার ফিতে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দেয়া ওয়েলসের ‘জাদুকর’ তার জাদুর কাঠি ইংল্যান্ডেই ফেলে এসেছেন।তবে বর্তমান চিত্র ভিন্ন। বেল দুর্দান্ত ফর্মে আছেন। মৌসুমে ১৪ গোল করেছেন ওয়েলসের এই ফরোয়ার্ড, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১৭টি। অন্যদিকে সাও পাওলোর ‘বিস্ময় বালক’ নেইমার বিস্ময়করভাবে নিষ্প্রভ। মৌসুমে ১২ গোল করলেও ইদানীং ছন্দে নেই তিনি।সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে পিছিয়ে থাকা বার্সাকে শিরোপা ধরে রাখার আশা বাঁচিয়ে রাখতে এবারের এল ক্লাসিকো জিততেই হবে।বার্সেলোনার অনেক সাফল্যের রূপকার মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা কথাটা সরাসরি বলেও দিয়েছেন। তিনি বলেন, “লিগ মুকুট ধরে রাখতে হলে বার্নাবেউতে আমাদের জিততেই হবে।”এই ম্যাচ হারলে শিরোপা-লড়াইয়ে অনেকখানি পিছিয়ে পড়বে বার্সেলোনা। আর শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন উজ্জ্বল হয়ে উঠবে রিয়াল মাদ্রিদের। বার্সা হেরে গেলে দুই দলের ব্যবধান হবে ৭ পয়েন্ট। ২৮ ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৭০, তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার ৬৬। ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।রিয়াল সোসিয়েদাদ বা ভায়াদোলিদের বিপক্ষে ছন্দ হারিয়ে বার্সা যেভাবে ‘মুখ থুবড়ে’ পড়েছিল, রোববারও তেমন হলে হয়তো বার্নাবেউ থেকে জয় নিয়ে ফেরা হবে না মেসি-নেইমারদের। ইনিয়েস্তা তাই সতীর্থদের মনে করিয়ে দিয়েছেন, বার্সাকে খেলতে হবে নিজস্ব ফুটবল।রোনালদো আর বেলের গতিময় ফুটবলের সুবাদে রিয়াল মাদ্রিদ এখন দারুণ ছন্দে। অন্যদিকে মেসি-নেইমাররা তাদের মোহনীয় ফুটবলের মাধ্যমে বার্সাকে ভুবন-ভোলানো ‘তিকিতাকা’ ছন্দ ফিরিয়ে দিতে পারলে এবারের এল ক্লাসিকো হয়ে উঠতে পারে রোমাঞ্চকর।বার্নাবেউয়ের সবুজ গালিচায় ফুটতে পারে সুন্দর ফুটবলের ফুল। ফুটবল বিশ্ব এখন তারই অপেক্ষায়।
