টাইব্রেকারে জিতে ফাইনালে হকি দল
শ্রীলঙ্কাকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকির বাছাই পর্বের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমি-ফাইনাল নির্ধারিত সময় শেষে ২-২ গোলে অমীমাংসিত ছিল।ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। অন্য সেমি-ফাইনালে ওমান ৪-০ গোলে সিঙ্গাপুরকে হারিয়েছে। ফাইনাল হবে রোববার।শ্রীলঙ্কার বিপক্ষে ২০ মিনিটের সময় ধামিথ মধুশঙ্কার ফিল্ড গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।৪৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে সমতায় ফেরান ফরোয়ার্ড পুষ্কর খীসা মিমো।৬১ মিনিটে ডিফেন্ডার মামুনুর রহমান চয়নের পাস থেকে স্বাগতিকদের এগিয়ে দেন মিডফিল্ডার রাব্বি সালেহীন।তবে দুই মিনিট পরই পেনাল্টি স্ট্রোক থেকে আবার সমতা নিয়ে আসেন লাহিরু জিহান।নির্ধারিত সময় শেষে আর অতিরিক্ত সময় হয়নি, সরাসরি টাইব্রেকারের পরীক্ষার সামনে দাঁড়াতে হয় দুই দলকে।টাইব্রেকারে বাংলাদেশের পক্ষে গোল করেন সাব্বির হোসেন, কৃষ্ণ কুমার ও সারোয়ার হোসেন। তবে শ্রীলঙ্কার তিনটি শটের একটিও গোল না হওয়ায় জয়ের আনন্দে মেতে ওঠে স্বাগতিক দল।স্থান নির্ধারণী ম্যাচে ইরান ৭-১ গোলে কাতারকে এবং চাইনিজ তাইপে ৬-২ গোলে হংকংকে হারিয়েছে।রোববার শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর তৃতীয় স্থান এবং ইরান ও চাইনিজ তাইপে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে।
