২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নেই থাকছেন রবেন

বায়ার্ন মিউনিখেই থাকছেন আরিয়েন রবেন। বুধবার জার্মানির ক্লাবটির সঙ্গে চুক্তি আরো দুই বছর বাড়িয়েছেন নেদারল্যান্ডসের এই উইঙ্গার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 12:23 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বায়ার্ন মিউনিখ বুধবার জানায়, দুই বছরের জন্য চুক্তি নবায়ন করায় ২০১৭ পর্যন্ত ক্লাবটিতে থাকছেন রবেন।

রিয়াল মাদ্রিদ থেকে ২০০৯ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেয়ার পর একের পর এক সাফল্য পেয়েছেন রবেন। গত মৌসুমে জার্মানির প্রথম দল হিসেবে 'ট্রেবল' জেতে বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের জালে জয়সূচক গোলটি করেন রবেন।

কোচ পেপ গার্দিওলার আক্রমণাত্মক খেলার পরিকল্পনার  গুরুত্বপূর্ণ অংশ ৩০ বছর বয়সী রবেন। ক্লাবের মাধ্যমে দেয়া এক বিবৃতিতে রবেন বলেন, "আমি বায়ার্নে পঞ্চম বছর কাটাচ্ছি এবং আরো তিনটি বছর আসছে। আগামী বছরগুলোতেও বায়ার্নের হয়ে আরো অনেক শিরোপা জিততে মুখিয়ে আছি।"

রবেনের সঙ্গে চুক্তি নবায়ন করে খুশি বায়ার্নের প্রধান নির্বাহী কর্মকর্তা কার্ল-হাইঞ্জ রুমেনিগে।

"রবেন একজন অসাধারণ খেলোয়াড়। গত মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রবেন প্রমাণ করেছে, বায়ার্নের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ।"