রোনালদোর জোড়া গোলে জিতলো রিয়াল
প্রথম খেলোয়াড় হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা সাত ম্যাচে গোল করার অনন্য কৃতিত্ব গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ এই তারকার জোড়া গোলে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে শালকে জিরো ফোরকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
প্রথম লেগে শালকের মাঠে ৬-১ গোলে জেতায় রিয়ালের কোয়ার্টার-ফাইনালে ওঠা একরকম নিশ্চিতই ছিল। মঙ্গলবারের এই জয়ে দুই লেগ মিলে রিয়ালের জয়ের ব্যবধান দাঁড়ালা ৯-২।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে রোনালদোরা। ২১ মিনিটে গোলও পেয়ে যায় স্পেনের দলটি। স্ট্রাইকার মোরাতা বল বাড়ান গ্যারেথ বেলকে। আর ফরোয়ার্ড বেলের পাস থেকে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ তারকা রোনালদো।
তবে ১-০ গোলের ব্যবধান বেশিক্ষণ টেকেনি। ৩১ মিনিটে ২৫ গজ দূর থেকে অতিথি ডিফেন্ডার টিম হুগল্যান্ডের একটি শট স্বাগতিক ডিফেন্ডার স্যার্হিও রামোসের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
বিরতির পর জার্মান দলটির আক্রমণভাগ কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠলেও রিয়ালের রক্ষণে ফাটল ধরাতে পারেনি।
অবশেষে ৭৪ মিনিটে ব্যবধান বাড়ান আবারো রোনালদো। মাঝমাঠ থেকে বেলের বাড়ানো বল পেয়ে দুর্দান্ত গতিতে ছুটে গিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ইউরোপ সেরার লড়াইয়ের এ মৗসুমে রোনালদোর এটি ত্রয়োদশ গোল। রেকর্ড টানা সাত ম্যাচে গোলগুলো করেছেন তিনি। আর মৌসুমের তার মোট গোল দাঁড়ালো ৪১টিতে।
একটু পরেই আবার সুযোগ পেয়েছিলেন ‘সিআর সেভেন’। কিন্তু গোলপোস্টে বাধা পায় তার শট। তবে গোলপোস্টে লেগে ফিরে আসা বল পেয়ে যান বেল। আর তার বাড়ানো বল থেকে চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোলটি করেন ২১ বছর বয়সী মোরাতা।
৮২ মিনিটে হ্যাটট্রিক করার আরেকটি সুযোগ পান রোনালদো। কিন্তু এবারও তার বাঁ-পায়ের শট গোলপোস্টে লেগে ফিরে আসে।
প্রতিযোগিতার দিনের অন্য ম্যাচে তুরস্কের গালাতাসারাইকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে ইংল্যান্ডের চেলসি। প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় দুই লেগ মিলে চেলসির জয় ৩-১।
