একই গ্রুপে আবাহনী-মোহামেডান
স্বাধীনতা কাপ ফুটবলের ‘খ’ গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও আবাহনী লিমিটেড। এই গ্রুপের অন্য দল আরামবাগ ক্রীড়া সংঘ।
‘ক’ গ্রুপে বিজেএমসি, ফেনী সকার ক্লাব ও রহমতগঞ্জ এমএফএস। ‘গ’ গ্রুপে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সঙ্গী মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও উত্তর বারিধারা ক্লাব। আর ‘ঘ’ গ্রুপের তিন দল শেখ রাসেল ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন ও চট্টগ্রাম আবাহনী।সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে স্বাধীনতা কাপের গ্রুপিং ও ড্র হয়েছে।বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০টি এবং চ্যাম্পিয়নশিপ লিগের দুটি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে উঠবে।আগামী শনিবার উদ্বোধনী দিনে মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র-চট্টগ্রাম আবাহনী এবং বিজেএমসি-রহমতগঞ্জ।টুর্নামেন্টের স্পন্সর গত বছর থেকে কার্যক্রম শুরু করা মধুমতি ব্যাংক। সোমবার বাফুফে ভবনে এ ব্যাপারে চুক্তি স্বাক্ষর করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান ও সাংসদ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।চুক্তি স্বাক্ষর শেষে মিজানুর রহমান বলেন, “অনেক দিন থেকেই ফুটবলের প্রতি আমার ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই বাফুফের সঙ্গে যুক্ত হয়েছি। আশা করি আগামীতেও তাদের সঙ্গে থাকব।”সালাউদ্দিন বলেন, “ফুটবলের এই দুর্দিনে মধুমতি ব্যাংক এগিয়ে আসায় আমরা তাদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতেও তাদেরকে পাশে পাওয়ার আশা করছি।”
