হকিতেও সহজ জয়
ক্রিকেটের মতো বাংলাদেশ হকি দলও সহজ জয়ের আনন্দে অধীর। রোববার এশিয়ান গেমস হকির বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে অধিনায়ক মামুনুর রহমান চয়নের হ্যাটট্রিকের সুবাদে বাংলাদেশ সহজেই হংকংকে ৫-১ গোলে হারিয়েছে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশের অন্য গোল দুটো হাসান জোবায়ের নিলয় ও মঈনুল ইসলাম কৌশিকের।শেষ পর্যন্ত সহজ জয় পেলেও প্রথম গোলের জন্য ভালোই অপেক্ষা করতে হয়েছে স্বাগতিক দলকে। ২৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে চয়ন এগিয়ে দেন দলকে।৩২ মিনিটে চয়নের ব্যবধান দ্বিগুণ করা গোলটির উৎসও পেনাল্টি কর্নার। ৪৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেই হ্যাটট্রিক পূর্ণ করেন চয়ন।বাংলাদেশের পরের দুটোই ফিল্ড গোল। ৫৪ মিনিটে নিলয়ের ক্রস থেকে চতুর্থ গোলটি করেন কৌশিক।পরের মিনিটে মিডফিল্ডার ইরফানুল হকের হিট হংকং গোলরক্ষক ঠেকালে পোস্টের সামনে থাকা নিলয়ের আলতো পুশে ব্যবধান হয়ে যায় ৫-০।৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে হংকংয়ের সান্ত্বনাসূচক গোলদাতা অধিনায়ক আরিফ আলী।তবে সহজে জিতলেও বাংলাদেশের কোচ নাভিদ আলম দলের খেলা নিয়ে তেমন সন্তুষ্ট নন।খেলা শেষে তিনি বলেন, “আরো বড় ব্যবধানে জয় পাওয়ার ক্ষমতা আমার দলের আছে। হংকং তেমন শক্ত প্রতিপক্ষও নয়। সামনে আরো কঠিন প্রতিপক্ষের মোকাবেলা করতে হবে আমাদের।”“আমাদের মাঝমাঠ ও আক্রমণভাগ নিয়ে আরো কাজ করেতে হবে। এই দুটি বিভাগে বেশ দুর্বলতা আছে।”হংকংয়ের কোচ মার্ক কাওয়াইতি বলেন, “তূলনামূলক ভালো দল হিসেবে বাংলাদেশ এই ম্যাচে জয় পেয়েছে। পেনাল্টি কর্নারগুলো আটকাতে না পারায় আমাদের হারতে হয়েছে।”দিনের অন্য ম্যাচে সিঙ্গাপুর ৩-২ গোলে ইরানকে হারিয়েছে। সিঙ্গাপুরের পক্ষে মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ হাসেফ ও ইউহারি সাবিরি এবং ইরানের পক্ষে তাহিরদাদ নাভিদ ও আব্বাসি রেজা গোল করেছেন।
