হকির বাছাইয়ে সেরা হয়েই এশিয়ান গেমসে যাওয়ার স্বপ্ন
এশিয়ান গেমস হকির বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে স্বাগতিক বাংলাদেশ। দলের পাকিস্তানি কোচ নাভিদ আলম এমনটাই আশা দিয়েছেন।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, “নিজেদের মাটিতে আমরা এই টুর্নামেন্টে খেলছি। তাই সবকিছু ঠিকভাবে হলে আমরাই চ্যাম্পিয়ন হবো। তবে কাজটা একেবারেই সহজ হবে না। টুর্নামেন্টের প্রতিটি দলই ভালো।”“তাই প্রতিটি ম্যাচই আমাদের জন্য ফাইনাল। আর এই ম্যাচগুলোতে খেলোয়াড়রা নিজেদের ঠিকভাবে মেলে ধরতে পারলে সব কিছুই আমাদের জন্য সহজ হবে”, যোগ করেন তিনি।
নিষিদ্ধ হওয়ার কারণে জিমি-জাহিদ সহ বেশ কয়েকজন নির্ভরযোগ্য খেলোয়াড় দলের বাইরে। এর প্রভাব দলে পড়বে কিনা এমন এক প্রশ্নের জবাবে নাভিদ আলম বলেন, “আমার হাতে এখন যে দলটি রয়েছে, এটি দেশের সবচেয়ে সেরা দল। তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়ের সমন্বয়ে গড়া দলটি ভালো করবে বলেই আমার বিশ্বাস।”
গত এশিয়া কাপের দলের সঙ্গে বর্তমান দলের তুলনা করে কোচ দাবি করেন, দলে এখন শৃঙ্খলা রয়েছে; খেলোয়াড়রাও দারুণ একতাবদ্ধ।
অধিনায়ক মামুনুল ইসলাম চয়নও চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের মূল পর্বে যাওয়া নিয়ে আশাবাদী।
“গতবছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে দলের ব্যর্থতায় আমরা খুবই লজ্জিত। ঘরের মাঠে এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়ে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই।”
এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতিটা ভালো হয়েছে বলে তিনি জানান।
“গত দুই মাস আমরা এই টুর্নামেন্টকে সামনে রেখে অক্লান্ত পরিশ্রম করেছি। তাই প্রস্তুতিটা ভালোই হয়েছে। এখন আমাদের চেষ্টা থাকবে নিজেদের শতভাগ দেয়া। তাহলেই ফল পাওয়া যাবে।”
১৫-২৩ মার্চ ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বসছে এশিয়ান গেমস হকির বাছাই পর্ব। আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে এই আসরে অংশ নেবে। দলগুলো হলো, কাতার, শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে, কাতার (‘এ’ গ্রুপ), বাংলাদেশ, সিঙ্গাপুর, হংকং ও ইরান (‘বি’ গ্রুপ)। আটটি দল থেকে শীর্ষ ছয়টি দল সুযোগ পাবে দক্ষিণ কোরিয়ার ইনচনে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর হতে যাওয়া এশিয়ান গেমসে।
টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছে কাতার। ওমান ছাড়া বাকি দলগুলো রাতের মধ্যেই চলে আসার কথা। ওমান আসবে শুক্রবার সকালে।
টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষক ইসলামী ব্যাংক হকি ফেডারেশনকে এক কোটি টাকা দিচ্ছে। বৃহস্পতিবার ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারীর হতে চেক তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান।
এছাড়া সহ-পৃষ্ঠপোষক জীবন বীমা কর্পোরেশন, সাধারণ বীমা ও জনতা ব্যাংক প্রত্যেকে দেবে ২৫ লাখ টাকা করে। আর সোনালী ব্যাংক দেবে ৫ লাখ টাকা।
