২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার থেকে কমনওয়েলথ গেমসের প্রস্তুতি

গ্লাসগো কমনওয়েলথ গেমসের জন্য বাংলাদেশ দলের প্রতিযোগীদের প্রস্তুতি শুরু হবে আগামী শনিবার থেকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 08:19 PM

Updated : 13 Oct 2022, 11:54 AM

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে চিঠি দিয়ে এ কথা জানিয়ে দিয়েছে।

এ প্রসঙ্গে বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, “কমনওয়েলথ গেমসের প্রশিক্ষণ ও অংশগ্রহণ বাবদ জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে যে অর্থ চাওয়া হয়েছিল তা এখনো আমরা পাইনি। তবে হাতে সময় কম থাকায় নিজ খরচে প্রস্তুতি শুরু করে দিচ্ছি আমরা। পরে সরকারের কাছ থেকে টাকা পেলে হিসাব মিটিয়ে নেয়া হবে।”

আগামী ২৩ জুলাই থেকে ৩ অগাস্ট পর‌্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসে প্রশিক্ষণ ও অংশগ্রহণ বাবদ সরকারের কাছে পাঁচ কোটি টাকা চেয়েছে বিওএ।

প্রশিক্ষণ ক্যাম্পগুলো সংশ্লিষ্ট ফেডারেশনের অধীনে এবং বিওএ’র তত্ত্বাবধানে হবে।

গ্লাসগোতে দশটি খেলায় ৩০ জন ক্রীড়াবিদ অংশ নেবেন। এদের মধ্যে শূটিংয়ে ৮, অ্যাথলেটিক্সে ২, সাঁতারে ২, ব্যাডমিন্টনে ২, সাইক্লিংয়ে ৩, টেবিল টেনিসে ৩, জিমন্যাস্টিক্সে ১, ভারোত্তোলনে ৪, কুস্তিতে ২ ও বক্সিং থেকে ৩ জনকে নির্বাচন করা হয়েছে।

বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের আওতায় শূটিং ও বক্সিংয়ের প্রস্তুতি গত ১০ জানুয়ারি থেকে সেনানিবাসে শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী জিমন্যাস্ট শাইখ সিজার সেখানেই প্রশিক্ষণ নিচ্ছেন।

অ্যাথলেটিক্স বিকেএসপিতে, সাঁতার নৌবাহিনীর সুইমিংপুলে, সাইক্লিং খুলনায়, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস পল্টন উডেন ফ্লোর জিমন্যাসিয়ামে এবং ভারোত্তোলন ও কুস্তির প্রশিক্ষণ জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে হবে।

শাহেদ রেজা জানিয়েছেন, আপাতত কমনওয়েলথ গেমসের প্রস্তুতি শুরু হলেও পরবর্তীতে এশিয়ান গেমসের খেলাগুলোও এর সঙ্গে যুক্ত করা হবে।