বিশ্বকাপের টিকেট কেনার শেষ সুযোগ
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের টিকেট কেনার শেষ একটা সুযোগ পাচ্ছেন। বুধবার থেকে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের শেষ পর্বের টিকেট বিক্রি শুরু হয়েছে বলে ফিফা জানিয়েছে।
২০১৪ বিশ্বকাপ: টিকেটের জন্য ৬০ লাখেরও বেশি আবেদন
এ পর্যায়ে প্রায় ৩ লাখ ৪৫ হাজার টিকেট বিক্রি হবে। টিকেট থাকা সাপেক্ষে তা কেনা যাবে আগামী ১ এপ্রিল পর্যন্ত। অনলাইনে ফিফা ডটকমের মাধ্যমেই কেবল টিকেট কেনা যাবে।
৬৪টি ম্যাচের মধ্যে ৬০টি ম্যাচের টিকেট এখনও আছে। উদ্বোধনী ম্যাচ, দুটো সেমি-ফাইনাল ও ফাইনালের টিকেট আগেই শেষ হয়ে গেছে। এরই মধ্যে ২১২টি দেশে ও অঞ্চলের ফুটবলপ্রেমীরা টিকেট কিনেছেন বলে ফিফা জানিয়েছে।
আগামী ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ব্রাজিলের ১২টি শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের এবারের আসর। উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ফাইনাল হবে রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে হবে।
