শাস্তির আশঙ্কায় মারুফুল
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির কর্মকর্তাদের পদত্যাগ দাবি করায় শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ মারুফুল হকের শাস্তি হতে পারে।
রোববার লিগ কমিটির এক জরুরি সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ভার ডিসিপ্লিনারি কমিটিকে দেয়া হয়েছে।সভা শেষে লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, “মারুফুল হক পেশাদার লিগ কমিটির কর্মকর্তাদের পদত্যাগ দাবি করে অন্যায় করেছেন। কোনো ক্লাবের কোচ এভাবে কথা বলতে পারেন না। এর ফলে বাই লজের বিধি ভঙ্গও হয়েছে।”
গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেখ রাসেল-শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ম্যাচ হঠাৎ স্থগিত ঘোষণা করার পর মারুফুল লিগ কমিটির কর্মকর্তাদের সমালোচনা করে তাদের পদত্যাগ দাবি করেন।এরপর তার কাছে কারণ দর্শানো নোটিশ পাঠায় লিগ কমিটি।নোটিশের জবাবে মারুফুল ক্ষমা চাইলেও এ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি সালাম মুর্শেদী। তিনি বলেন, “একজন কোচের কাজ হলো দলকে কোচিং করানো, সব বিষয়ে কথা বলা নয়। কথা বলার জন্য ক্লাবের কর্মকর্তারা আছেন।”লিগ কমিটির রোববারের সভায় প্রিমিয়ার লিগের প্রথম লেগে শেখ জামালের বাকি দুই ম্যাচের তারিখ নির্ধারণ হয়েছে। আগামী ১৬ মার্চ শেখ রাসেল এবং ১৯ মার্চ উত্তর বারিধারার মুখোমুখি হবে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা।২০ মার্চ থেকে ৫ এপ্রিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের মধ্যবর্তী দলবদল হবে।২০ মার্চ থেকে শুরু হবে স্বাধীনতা কাপ ফুটবল। ৬ এপ্রিল ফাইনাল হওয়ার কথা থাকলেও একই দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হওয়ায় তা পেছাতে পারে।তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিরতি লেগ কবে শুরু হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।
