মেসির বমি করা নিয়ে উদ্বিগ্ন নন মার্তিনো
রোমানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ফরোয়ার্ড লিওনেল মেসির বমি করার ঘটনাটি স্বাভাবিক নয় বলে মনে করলেও এ নিয়ে চিন্তিত নন বার্সেলোনা কোচ জেরার্দো মার্তিনো।
বুধবার রাতে রোমানিয়া প্রীতি ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যে মাঠে বমি করতে দেখা যায় মেসিকে। তেমন জ্বলে উঠতে পারেননি বার্সেলোনার এই তারকা। ম্যাচটিও গোলশূন্য ড্র হয়।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ মার্তিনো বলেন, "এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। তবে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই। তাকে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো হয়েছে।"
আর কোচের বিশ্বাস, এ ঘটনা চারবারের বিশ্বসেরা ফুটবলার মেসির খেলায় কোনো প্রভাব ফেলবে না।
মার্তিনো জানান, বার্সেলোনাতে মেসির এরকম বমি করার ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। এমনকি এ নিয়ে কয়েকবার বিশেষজ্ঞদের কাছেও তাকে যেতে হয়েছে।
