ভারত থেকে অতৃপ্তি নিয়ে ফেরা
ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচে জিততে না পারার অতৃপ্তি আছে। তবে সব মিলিয়ে দলের পারফরম্যান্সে খুশি লোডভিক ডি ক্রুইফ।
গত বুধবার ভারতের গোয়ায় অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র করে বাংলাদেশ।শুক্রবার দেশে ফিরে বিমানবন্দরে ফুটবল দলের প্রধান কোচ বলেন, “দলের খেলোয়াড়দের লড়াকু মানসিকতায় আমি মুগ্ধ। বিশেষ করে তরুণ মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের পারফরম্যান্স ছিল নজরকাড়া। পুরো ম্যাচে সে অসাধারণ খেলেছে।”“ভাগ্য আমাদের পক্ষে না থাকায় জয় হাতছাড়া হয়েছে। শেষ মুহূর্তে তকলিসের গোলটি রেফারি কেন বাতিল করলেন তা-ও আমি বুঝতে পারছি না।”ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে সুনীল ছেত্রীর গোল হারের লজ্জা থেকে ভারতকে রক্ষা করেছে। এই গোলের জন্য ডিফেন্ডারদের ‘আসামীর কাঠগড়া’য় দাঁড় করিয়ে ডি ক্রুইফ বলেন, “ভারতের দ্বিতীয় গোলটি আমাদের ডিফেন্ডারদের ভুলের কারণে হয়েছে। সুনীল ছেত্রী বল নিয়ে ডিফেন্ডার নাসিরের পাশ দিয়ে ঢুকেছে। কিন্তু তাকে আটকাতে পারেনি নাসির।”“অবশ্য ভারত সে সময় আমাদের রক্ষণভাগের ওপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল। তাদের আটকানোই মুশকিল হয়ে পড়েছিল। তবে এরকম ভুলের কথা বাদ দিলে এই ম্যাচ থেকে আমাদের ইতিবাচক প্রাপ্তিও কম নয়।”বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) এ ধরনের ম্যাচের আয়োজনের পরামর্শ দিয়ে এই ডাচ কোচ বলেন, “এ রকম প্রীতি ম্যাচ আরো খেলতে পারলে দলের জন্য ভালো হবে। বাফুফের উচিৎ এ ধরনের আরো প্রীতি ম্যাচের আয়োজন করা।”বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলামও ‘ভারত জয়’ করতে না পেরে হতাশ। তিনি বলেন, “স্রেফ দুর্ভাগ্যের জন্য আমরা ম্যাচটা জিততে পারিনি। আমাদের দল যথেষ্ট ভালো খেলেছে। কয়েকজন তরুণ তো অসাধারণ খেলেছে।”
