হকি দলে ৩ নতুন মুখ
এশিয়ান গেমস হকির বাছাই পর্বের হকি দলে তিন নতুন খেলোয়াড় জায়গা পেয়েছেন। বুধবার রাতে ১৮ সদস্যের জাতীয় দল ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশন।
দলের তিন নতুন মুখ হচ্ছেন, বেলাল হোসেন, মনিরুজ্জামান রকি ও আমিনুর রহমান বাবু।
চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক মশিউর রহমান বিপ্লব। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে দলে জায়গা হয়নি রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন, কামরুজ্জামান রানা ও ইমরান হাসান পিন্টুর।
সাভার বিকেএসপিতে পাকিস্তানি কোচ নাভিদ আলমের অধীনে দলটির অনুশীলন চলছে।
আগামী ১৫-২৩ মার্চ ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বসছে আট জাতির এশিয়ান গেমস হকির বাছাই পর্ব। বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে হংকং, ওমান, ইরান, চীনা তাইপে, শ্রীলঙ্কা, কাতার ও সিঙ্গাপুর।
জাতীয় হকি দল: অসীম গোপ, মনোয়ার হোসেন, মামুনুর রহমান চয়ন (অধিনায়ক), খোরশেদুর রহমান, তাপস বর্মণ, সাদেকুর রহমান, আমিনুর রহমান বাবু, ইরফানুল হক, সারোয়ার হোসেন, শেখ মোহাম্মদ নান্নু, রুম্মান সরকার, কৃষ্ণ কুমার (সহ-অধিনায়ক), পুষ্কর ক্ষিসা মিমো, হাসান যুবায়ের নিলয়, বেলাল হোসেন, মনিরুজ্জামান রকি, সাব্বির রানা ও মইনুল ইসলাম কৌশিক।
