প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি ফুটবল দল
বুধবার এক প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।
বাংলাদেশ দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ জয়ের ব্যাপারে আশাবাদী। মঙ্গলবার গোয়া থেকে তিনি জানিয়েছেন, “আমাদের জন্য এটা মর্যাদার ম্যাচ। আশা করি আমরা জিতবো। তবে কাজটা সহজ হবে না। ভারত শক্তিশালী দল। তাছাড়া তারা নিজেদের মাটিতে খেলবে।”
“কাঠমান্ডু সাফ ফুটবলের পর বাংলাদেশ কোনো ম্যাচ খেলেনি। আমরা তাই ভারতের বিপক্ষে ভালো কিছু করে দেখাতে চাই।”
বাংলাদেশের এই দলে তরুণ ফুটবলারদের আধিক্য। এ প্রসঙ্গে ডি ক্রুইফ বলেন, “লিগে ভালো পারফরম্যান্সের সুবাদে বেশ কয়েকজন তরুণ দলে ডাক পেয়েছে। তবে সবার পারফরম্যান্স বিবেচনা করে প্রথম একাদশ নির্বাচন করা হবে। সেই দলে অবশ্যই তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়ের সমন্বয় থাকবে।”
ভারতের কোচ ভিম কুভারমান্সও বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষকে হিসেবে নির্দ্বিধায় রায় দিচ্ছেন। তিনি বলেন, “সাফ ফুটবলের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী দল। তবু আমার দলের জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। যদিও মাত্র দুদিনের প্রস্তুতি নিয়ে বাংলাদেশের মুখোমুখি হতে হচ্ছে।”
গত অগাস্ট-সেপ্টেম্বরে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ ফুটবলে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে ভারতের স্ট্রাইকার সুনীল ছেত্রীর এক দুর্দান্ত ফ্রি-কিক বাংলাদেশের জয়ের স্বপ্ন ভেঙ্গে দিয়েছিল।
