মোনাকোর বছরের প্রথম হার
ফরাসি লিগে মোনোকোকে এ বছরের প্রথম হারের লজ্জা দিয়েছে সাঁত এতিয়ান। শনিবার রাতে তারা ২-০ গোলে হারায় বড় বাজেটের দলটিকে।
এই হারের ফলে শীর্ষস্থানে থাকা পিএসজির সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারালো মোনাকো। এক ম্যাচ কম খেলে লিগ ওয়ানে মোনাকোর চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবারের আগে এ বছর কোনো প্রতিযোগিতাতেই হারেনি মোনাকো।
নিজেদের মাঠে ম্যাচের ১৭তম মিনিটেই ফাবিয়েন লেমনের গোলে এগিয়ে যায় এতিয়েন। দ্বিতীয়ার্ধে রোমাঁ হামৌমার গোলে জয় নিশ্চিত করে তারা।
রোববার রাতে শীর্ষে থাকা পিএসজি নিজেদের মাঠে খেলবে অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে।
