২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রিদ দ্বৈরথে রিয়াল-আতলেতিকো

লা লিগার শিরোপা নির্ধারণের বড় একটি লড়াইয়ের মঞ্চ এখন মাদ্রিদ। শহরের শীর্ষ দুই ক্লাব রিয়াল আর আতলেতিকো যে মুখোমুখি। লা লিগার শুরুতে সান্তিয়াগো বার্নাবেউ থেকে জয় নিয়ে ফেরা আতলেতিকো নিজেদের মাঠে পাচ্ছে স্বরূপে ফেরা রিয়ালকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 01:22 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

বাংলাদেশ সময় রোববার রাত দশটায় শুরু হবে লা লিগার অন্যতম আকর্ষণীয় এই লড়াই।

রিয়াল মাদ্রিদের জন্ম ১৯০২ সালে, মাদ্রিদ শহরে আতলেতিকোর আবির্ভাব এর এক বছর পরই। সেই শুরু থেকেই রিয়াল মাদ্রিদের ছায়া-তলে আছে আতলেতিকো মাদ্রিদ। লা লিগায় রেকর্ড ৩২টি শিরোপা রিয়ালের, অন্য পাশে আতলেতিকো লা লিগা জিতেছে মাত্র ৯ বার।

কিন্তু এ মৌসুমে লা লিগায় দুই দলের প্রথম লড়াইয়ে জয়ী দল আতলেতিকোই। আর এ ম্যাচ তো তারা খেলবে নিজেদের স্টেডিয়াম ভিসেন্তে কালদেরনে। রিয়ালের মাঠে গত সেপ্টেম্বরে লিগের প্রথম মাদ্রিদ ডার্বিতে ১-০ গোলে জিতেছিল আতলেতিকো।

আতলেতিকোর তুর্কি মিডফিল্ডার আরদা তুরানের কন্ঠেও সেই সুর। "ডার্বি ম্যাচে ফেভারিট বাছাই করা কঠিন। তবে ম্যাচটি যেহেতু কালদেরনে হচ্ছে, তাই আমরাই ফেভারিট। কারণ আমরা নিজেদের মাঠে খেলছি।"

নিজেদের মাঠে জিততে পারলে ৬৩ বছর পর আবার লিগে দুই ম্যাচেই রিয়ালকে হারানোর স্বাদ পাবে তারা। তবে আতলেতিকোর কাছে লিগে হারের বদলা কোপা দেল রেতে নিয়েছে রিয়াল। সেমি-ফাইনালের দুই লেগে ৩-০ ও ২-০ গোলে নগর প্রতিপক্ষকে হারিয়ে বার্সেলোনার সঙ্গে ফাইনালে মুখোমুখি হচ্ছে কার্লো আনচেলত্তির দল।

লিগের গত ৩ ম্যাচে নিষেধাজ্ঞার খাড়ায় পড়া রোনালদোকে ছাড়াই ১০ গোল করেছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে শালকের মাঠ থেকে ৬-১ গোলের জয় নিয়ে ফিরেছে তারা। দারুণ ফর্মে আছেন আক্রমণভাগে রোনালদোর দুই সতীর্থ গ্যারেথ বেল ও করিম বেনজেমা।

শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। তাই এই ম্যাচ জিতলে শিরোপা লড়াইয়ে ভালো অবস্থানে চলে আসবে আতলেতিকো। বর্তমানে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে বার্সেলোনা। আজ নিজেদের মাঠে আলমেরিয়ার মুখোমুখি হবে জেরার্দো মার্তিনোর দল।