ইন্টারের সঙ্গে নিজের মাঠে রোমার ড্র
নিজেদের মাঠে জিতে এএস রোমার সুযোগ ছিল পয়েন্ট তালিকার শীর্ষ দল জুভেন্টাসের কাছাকাছি যাওয়ার। কিন্তু ইন্টার মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করে সে সুযোগ হারিয়েছে রাজধানীর দলটি।
হতাশায় রোমার ফরোয়ার্ড মাত্তিয়া দেস্ত্রোর মাথায় হাত। ছবি: রয়টার্স হতাশায় রোমার ফরোয়ার্ড মাত্তিয়া দেস্ত্রোর মাথায় হাত। ছবি: রয়টার্স
সেরি ‘আ’তে ইন্টার মিলানের আছে সমৃদ্ধ ইতিহাস। এ পর্যন্ত ১৮টি শিরোপা জিতেছে। আর রোমার শিরোপা মাত্র ৩টি। তবে এ মৌসুমে নিজেদের মাঠে লিগে এর আগে মাত্র দুটি ম্যাচেই পয়েন্ট হারিয়েছে তারা।
ইন্টারের বিপক্ষেও শুরুটা ভালো করেছিল রোমা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইন্টারকে কোণঠাসাও করে ফেলেছিল তারা। ৩৩ মিনিটে এগিয়েও যেতে পারত লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রোমা।
ইতালিয়ান ফরোয়ার্ড মাত্তিয়া দেস্ত্রোর শট পোস্টে লেগে ইন্টার গোলরক্ষক সামির হান্দানোভিচের হাত ফসকে বল গোললাইন অতিক্রম করলেও রেফারি অফসাইডের বাঁশি বাজান।
৭৫ মিনিটে রোমার বসনিয়ান মিডফিল্ডার মিরালেম পানিচকে গোলবঞ্চিত করেন হান্দানোভিচ। শেষ পর্যন্ত নিজেদের মাঠে তৃতীয়বারের মতো পয়েন্ট হারানোর হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় রোমাকে।
এই ড্রয়ের পর ২৫ ম্যাচে রোমার পয়েন্ট ৫৮। সমান ম্যাচে শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৬৬। আর ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যারাডোনার সাবেক ক্লাব নাপোলি।
