২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোবেনের হ্যাটট্রিকে বায়ার্নের বিশাল জয়

জার্মান বুন্দেসলিগায় জিতেই চলেছে বায়ার্ন মিউনিখ। শনিবার ডাচ ফরোয়ার্ড আরিয়েন রোবেনের হ্যাটট্রিকের সুবাদে শালকের বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 02:25 AM

Updated : 01 Sep 2026, 12:32 PM

ঘরের মাঠে জার্মানির সবচেয়ে সফল দলের অন্য গোল দুটো অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা ও ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মারিও মানজুকিচের।শালকের সান্ত্বনার লক্ষ্যভেদ ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফিনিয়ার আত্মঘাতী গোলের সৌজন্যে। ৭৬ মিনিটে গ্রিক ডিফেন্ডার কিরিয়াকোস পাপাদোপুলোসের লাল কার্ড দশ জনের দলে পরিণত করে শালকেকে।জিতেছে গতবারের রানার্স-আপ বরুসিয়া ডর্টমুন্ডও। ঘরের মাঠে নুরেমবার্গকে ৩-০ গোলে হারিয়েছে তারা। বিজয়ী দলের তিন গোলদাতা ডিফেন্ডার ম্যাটস হামেলস, স্ট্রাইকার রবার্ত লেভানদভস্কি ও মিডফিল্ডার হেনরিখ মাখিতারিয়ান।তবে আরেক স্বাগতিক বায়ার লেভারকুজেন ১-০ গোলে হেরে গেছে মেইঞ্জের কাছে। লেভারকুজেনের এটা টানা তৃতীয় হার।২৩ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে দারুণ নিশ্চিন্ত বায়ার্ন। সমান ম্যাচে ৪৫ ও ৪৩ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে বরুসিয়া ও লেভারকুজেন।বুন্দেসলিগার অন্যান্য ম্যাচে ভের্ডার ব্রেমেন ১-০ গোলে হামবুর্গকে হারিয়েছে।  অগসবুর্গ ও হ্যানোভার এবং আইনট্রাখট ব্রাউনশোয়াইগ ও বরুসিয়া মনশেনগ্লাডবাখ ম্যাচ দুটি ১-১ গোলে ড্র হয়েছে।