শেখ জামাল-শেখ রাসেল লড়াই স্থগিত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রর ম্যাচটি হঠাৎই স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি।
এর প্রতিবাদে শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার নির্ধারিত সময় বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুশীলন করেন শেখ রাসেলের ফুটবলাররা।ম্যাচটি স্থগিত করায় পেশাদার লিগ কমিটির তীব্র সমালোচনা করেছেন শেখ রাসেলের কোচ মারুফুল হক। কমিটির কর্মকর্তাদের পদত্যাগও দাবি করেছেন তিনি।
মারুফুল বলেন, “ম্যাচটি কোনো কারণে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজন করা সম্ভব না হলেও বিকল্প ভেন্যু হিসেবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আয়োজন করা যেত। কিন্তু শেখ জামাল ক্লাব চায়নি বলেই পেশাদার লিগ কমিটি ম্যাচটি আয়োজন করতে পারেনি। এই লিগ কমিটি ব্যর্থ, তাদের পদত্যাগ করা উচিৎ।”
“লিগ কমিটি হুট করে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ এভাবে স্থগিত করতে পারে না। এর ফলে আমাদের দলের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে। গত ৪ ফেব্রুয়ারি সর্বশেষ খেলেছিলাম আমরা। আবার কবে খেলার সুযোগ পাব বুঝতে পারছি না।”
শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরীও লিগ কমিটির সমালোচনায় মুখর। তিনি বলেন, “লিগ কমিটি ম্যাচটা স্থগিত করলেও আমাদের ক্লাবের কোনো কর্মকর্তাকে তা আগে জানানো হয়নি। আসলে তারা একটি ক্লাবের কাছে নতি স্বীকার করে এই কাজ করেছে। এই লিগ কমিটিকে ‘অথর্ব’ ছাড়া আর কিছু বলা যায় না।”
“শুধু বঙ্গবন্ধু স্টেডিয়াম কেন, কমলাপুর স্টেডিয়ামেও খেলা হতে পারে। ঐ স্টেডিয়ামে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছে। এমনকি ফেডারেশন কাপের ফাইনালও কমলাপুরে হয়েছিল।”
বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী বলেন, “কাজেই প্রমাণিত হবে আমরা ব্যর্থ না সফল। দেশের রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল থাকার সময়েও আমরা খেলা আয়োজন করেছি। একটা ম্যাচ স্থগিত হলেই আমরা ব্যর্থ হয়ে যেতে পারি না।”
“আমরাও ম্যাচটি কমলাপুর স্টেডিয়ামে আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু একটি ক্লাব সেখানে খেলতে চায়নি। সেজন্য আমরা দায়ী হতে পারি না। তাছাড়া ঐ মাঠের অবস্থাও তেমন ভালো নয়।”
আগামী রোববার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপের ফাইনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। তাই জাতীয় ক্রীড়া পরিষদ নিরাপত্তাজনিত কারণে এই স্টেডিয়াম থেকে প্রিমিয়ার লিগের শুক্রবারের ম্যাচটি সরানোর নির্দেশ দিয়েছে।
