আবাহনী-শেখ জামাল লড়াই অমীমাংসিত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেড গোলশূন্য ড্র করেছে।
ভারতের আইএফএ শিল্ডে রানার্স-আপ হয়ে ফেরার পর এটা শেখ জামালের টানা দ্বিতীয় ড্র। আগের ম্যাচে বিজেএমসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা।৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আপাতত লিগের শীর্ষে আবাহনী। দুই ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে শেখ জামাল আছে দ্বিতীয় স্থানে।মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তেমন ভালো খেলতে না পারলেও গোল করার কয়েকটি সুযোগ পেয়েছিল শেখ জামাল।১৮ মিনিটে অধিনায়ক মামুনুল ইসলামের চমৎকার ফ্রি-কিক ক্রস বারে লেগে ফিরে আসার পর ৩৩ মিনিটে আরেকবার হতাশ হতে হয় কলকাতা মাতিয়ে আসা দলটিকে।হাইতির ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমের থ্রু ধরে নেয়া নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিংটনের শট আবার বাধা পায় ক্রস বারে।৭৫ মিনিটে ঘানার স্ট্রাইকার ওসই মরিসন শেখ জামালের গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে পাঠিয়ে দেন।৮৫ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল পেতে পারতো শেখ জামাল। কিন্তু এমেকার পাস থেকে ওয়েডসনের শট ক্রস বারের ওপর দিয়ে চলে যায়।
