২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকে এগিয়ে পিএসজি

জ্লাতান ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকে ফরাসি লিগে তুলুজকে হারিয়েছে পিএসজি। ৪-২ গোলের এই জয়ে লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগুলো বড় বাজেটের দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 03:14 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

রোববার প্রতিপক্ষের মাঠে ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন সুইডেনের স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। তবে বিরতির এক মিনিট আগে স্বাগতিকদের সমতায় ফেরান ফরাসি মিডফিল্ডার উইসাম বিন ইয়েদ্দের।

ম্যাচের ৫৬ মিনিটে আর্জেন্টিনার স্ট্রাইকার এসেকিল লাভেসির লক্ষ্যভেদ এবং ৬৮ মিনিটে ইব্রার দ্বিতীয় গোলে ৩-১ এগিয়ে যায় অতিথিরা। যদিও ৭২ মিনিটে উইসামের দ্বিতীয় গোলে লড়াইয়ের সম্ভাবনা জাগে। কিন্তু ৮৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি সহজ জয় নিশ্চিত করেন ইব্রা।

হ্যাট্রিকের সুবাদে ২২ গোল নিয়ে ফরাসি লিগের গোলদাতার তালিকায় শীর্ষস্থান আরো মজবুত হলো ইব্রাহিমোভিচের।

আর ২৬ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর পয়েন্ট ৫৬।

শুক্রবার বড় বাজেটের দল মোনাকো ৩-২ গোলে হারায় স্তাদে রাসকে।