২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলের নাটকীয় জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সোয়ানসি সিটিকে নাটকীয়ভাবে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে লিভারপুল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 09:54 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

রোববার ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলের জয়ে সমান অবদান দুটি করে গোল করা স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ ও মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনের।তৃতীয় মিনিটেই ফরোয়ার্ড রাহিম স্টার্লিংয়ের পাস থেকে দলকে এগিয়ে দেন স্টারিজ। ২১ মিনিটে স্টারিজের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন হেন্ডারসন।তবে ২৩ ও ২৬ মিনিটে গোল করে খেলায় সমতা নিয়ে আসেন অতিথিদের মিডফিল্ডার জনজো শেলভি ও স্ট্রাইকার উইলফ্রিড বনি।৩৬ মিনিটে লুইস সুয়ারেসের ক্রস থেকে হেড করে আবারো লিভারপুলকে এগিয়ে দেন স্টারিজ। কিন্তু বিরতির দুই মিনিট পর পেনাল্টি থেকে আরো একবার সোয়ানসিকে সমতায় ফেরান বনি।শেষ পর্যন্ত ৭৪ মিনিটে হেন্ডারসনের দ্বিতীয় গোল জয় নিশ্চিত করে দেয় ‘অল রেডস’-এর।এই জয়ের ফলে ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান ধরে রাখলো লিভারপুল। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি।এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫৭, তবে একটি ম্যাচ কম খেলেছে তারা।ইপিএলের অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড ১-০ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে।