লেভারকুজেনের হারে আরো নিশ্চিন্ত বায়ার্ন
জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের শিরোপা ধরে রাখার সম্ভাবনা আরো উজ্জ্বল। শনিবার রাতে শিরোপা-লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের পর হেরে গেছে বায়ার লেভারকুজেনও। ভলফসবুর্গের মাঠে লেভারকুজেনের হারের ব্যবধান ৩-১।
হেরে গেলেও ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে লেভারকুজেন। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে বরুসিয়ার অবস্থান তৃতীয়।এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বেশ নিশ্চিন্ত বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। রোববার রাতে তাদের প্রতিপক্ষ হ্যানোভার।১৩ মিনিটে স্ট্রাইকার বাস ডোস্টের গোলে পিছিয়ে পড়া লেভারকুজেনকে বিরতির ঠিক আগে সমতায় ফেরান মিডফিল্ডার সিডনি স্যাম।তবে বিরতির পর ৫৮ ও ৭২ মিনিটে মিডফিল্ডার লুইস গুস্তাভো ও ডিফেন্ডার রিকার্দো রদ্রিগেসের লক্ষ্যভেদ শেষ পর্যন্ত সহজ জয় এনে দেয় স্বাগতিক ভলফসবুর্গকে।
