হামবুর্গের মাঠে বিধ্বস্ত বরুসিয়া
হামবুর্গের মাঠে ৩-০ গোলে হেরে যাওয়ায় জার্মান বুন্দেসলিগার শিরোপা লড়াই থেকে আরো পিছিয়ে পড়েছে বরুসিয়া ডর্টমুন্ড।
শনিবার রাতে বিধ্বস্ত হলেও ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে গতবারের রানার্স-আপ বরুসিয়া।এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে বায়ার লেভারকুজেনের অবস্থান দ্বিতীয়।লেভারকুজেনের সমান ২১টি ম্যাচ খেলে শীর্ষে থাকা বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের পয়েন্ট ৫৯।বরুসিয়ার বিপক্ষে হামবুর্গের গোল তিনটি করেছেন মিডফিল্ডার পেতর জিরাচেক, স্ট্রাইকার পিয়ের মিশেল লাজোগা ও মিডফিল্ডার হাকান চালহানোগলু।বুন্দেসলিগার অন্যান্য ম্যাচে অগসবুর্গ ৪-২ গোলে ফ্রেইবুর্গকে, হার্থা বার্লিন ২-১ গোলে স্টুটগার্টকে ও নুরেমবার্গ একই ব্যবধানে আইনট্রাখট ব্রাউনশোয়াইগকে হারিয়েছে এবং বরুসিয়া মনশেনগ্লাডবাখ ও হফেনহাইম ২-২ গোলে ড্র করেছে।
