২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের আবহাওয়াকে চ্যালেঞ্জ মানছেন ফরাসি কোচ

বছরের মাঝামাঝি সময়ে ব্রাজিলের অতিরিক্ত গরম আবহাওয়া নিয়ে বেশ চিন্তিত ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁম। আগামী ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ব্রাজিলের ১২টি শহরে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় এই প্রতিযোগিতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 04:11 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

প্লে-অফ খেলে চুড়ান্তপর্বে সুযোগ পাওয়া ফ্রান্সের গত কয়েক মাসের পারফরম্যান্স অনেকটাই খারাপ। তাই বিশ্বসেরাদের মঞ্চে তারা কতটা নিজেদের মেলে ধরতে পারবে, তা নিয়ে শঙ্কা থাকছেই। সঙ্গে আবার যোগ হতে পারে বৈরি আবহাওয়া।

ফ্রান্সের কোচের মতে, ঐসময় ব্রাজিলের উত্তরাঞ্চলের তাপমাত্রা খুব বেশি হতে পারে। আর অতিরিক্ত গরমে খেলাটাও বেশ কঠিন। তবে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলাকে বিশ্বকাপ চ্যালেঞ্জের একটা অংশ হিসেবেই দেখছেন তিনি।।

বৃহস্পতিবার ফিফা আয়োজিত একটি ওয়ার্কশপে ফরাসি কোচ বলেন, “ব্রাজিলের উত্তরাঞ্চলের শহরগুলোতে অতিরিক্ত গরম পড়ে। সেখানে খেলা খুব কঠিন হতে পারে। তবে এটাও সত্যি যে প্রতিটা বিশ্বকাপেরই কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে।”

“ব্রাজিল ফুটবলের দেশ হিসেবে পরিচিত। এখানকার বাতাসে ইতোমধ্যে আমি সেই উন্মাদনার আবেশ পাচ্ছি” যোগ করেন তিনি।

বিশ্বকাপের ‘ই’ গ্রুপে খেলবে ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স। তাদের গ্রুপের অপর তিনটি দেশ হলো হন্ডুরাস, সুইজারল্যান্ড ও ইকুয়েডর। এর মধ্যে সুইজারল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচটি হবে ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের শহর সালভাদরে।