২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ছাড়াই ভারত যাচ্ছে ফুটবল দল

ভারতের সঙ্গে প্রীতি ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রস্তুতির জন্য সময় পাচ্ছে না বললেই চলে। গোয়ায় এই ম্যাচ খেলতে যাওয়ার আগে প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচ থাকায় শিষ্যদের মাত্র এক দিনের জন্য এক সঙ্গে পাচ্ছেন কোচ লোডভিক ডি ক্রুইফ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 08:59 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

আগামী ৫ মার্চ গোয়ায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলবে বাংলাদেশ।মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির সভায় ভারতে আইএফএ শিল্ড খেলে আসা শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বাকি থাকা ম্যাচগুলোর নতুন তারিখ ঠিক করা হয়।সভা শেষে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানান, ২২ ফেব্রুয়ারি বিজেএমসি, ২৫ ফেব্রুয়ারি ঢাকা আবাহনী লিমিটেড ও ২৮ শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে তিনটি ম্যাচ হবে শেখ জামালের।

গোয়ায় জাতীয় দলের প্রীতি ম্যাচের জন্য রওনা হবে ২ মার্চ। জাতীয় দলের প্রস্তুতি শুরু হওয়ার কথা রয়েছে ২৫ অথবা ২৬ ফেব্রুয়ারি থেকে। কিন্তু লিগের এই ম্যাচগুলোর জন্য ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ ১ মার্চের আগে তার পুরো দল পাচ্ছেন না তা এখন একরকম নিশ্চিত।

২৮ ফেব্রুয়ারি শেখ জামাল ও শেখ রাসেলের খেলা রয়েছে। জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ই রয়েছেন এই দুই দলে।এই ম্যাচটি শেষ হওয়ার আগে কোন দলই তাদের খেলোয়াড়দের ছাড়বে না।

এ ব্যাপারে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “প্রস্তুতির জন্য যেটুকু সময় পাবে জাতীয় দল, তা হয়তো পর্যাপ্ত নয়। তবে দলের সদস্যরা তো খেলায় রয়েছে। তাই এই সময়ের মধ্যে মোটামুটি একটা প্রস্তুতি হয়ে যাবে বলে আমার বিশ্বাস।”