২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতা থেকে ফিরেছে শেখ জামাল

ভারতের ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডে রানার্স-আপ হয়ে সোমবার দুপুরে কলকাতা থেকে ঢাকায় ফিরেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 08:52 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

পুরো টুর্নামেন্টে ভালো খেলেও ফাইনালে দুর্ভাগ্যজনকভাবে টাইব্রেকারে হেরে যাওয়ায় ভীষণ হতাশ শেখ জামালের নাইজেরীয় কোচ জোসেফ আফুসি।ঢাকায় ফিরে তিনি বলেন, “পুরো টুর্নামেন্টে ভালো খেলার পরও টাইব্রেকারে হেরে যাওয়া দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। তবে দলের খেলায় আমি মুগ্ধ। আমাদের চ্যাম্পিয়ন হওয়া উচিৎ ছিল।”“আমার দল শুধু ভালোই খেলেনি, বিশ্বমানের ফুটবল খেলেছে। যা বাংলাদেশের ফুটবলের জন্য প্রেরণা হতে পারে।”আফুসির দৃঢ় বিশ্বাস, ফাইনালে দলের ‘প্রাণভোমরা’ হাইতির ফরোয়ার্ড সনি নর্দেকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তটা ছিল রেফারির ভুল।“সনি নর্দেকে লাল কার্ড দেখিয়ে রেফারি শুধু ভুলই করেননি, অন্যায়ও করেছেন। এতে আমার দলের অনেক ক্ষতি হয়েছে।”শেখ জামালের অধিনায়ক মামুনুল ইসলামকেও টাইব্রেকারে হারের দুঃখ তাড়া করে ফিরছে। তিনি বলেন, “টাইব্রেকারে জয়-পরাজয় ভাগ্যের ওপরে নির্ভর করে। আমরা ভাগ্যের কাছে হার মেনেছি। এখানে বলার কিছু নেই।”টাইব্রেকারে গোল করতে ব্যর্থ ডিফেন্ডার মোহাম্মদ লিঙ্কনও মর্মাহত। তিনি বলেন, “তখন মাঠের পরিবেশ বিরূপ ছিল। দর্শকরা মাঠে ঢিল ছুড়ছিল, চারদিকে পটকা ফুটছিল। শট নেয়ার আগে আমি কিছুটা স্নায়ুর চাপে ভুগছিলাম। যে কারণে শটটা দুর্বল হয়ে যায়।”টাইব্রেকারে পঞ্চম ও শেষ শটে লিঙ্কন গোল করতে পারলে শেখ জামাল চ্যাম্পিয়ন হয়ে যেত। কিন্তু তার দুর্বল শট কলকাতা মোহামেডানের গোলরক্ষক ঠেকিয়ে দেয়ায় ৩-৩ সমতায় শেষ হয় প্রথম পাঁচ শট। এরপর ‘সাডেন ডেথ’-এ দিদারুল আলমও গোল করতে ব্যর্থ হলে হেরে যায় ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা।