হতাশা তাড়া করছে শেখ জামালকে
ভারতের ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডের ফাইনালে ভালো খেলেও টাইব্রেকারে হেরে যাওয়ার হতাশা কিছুতেই ভুলতে পারছে না শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
রোববার কলকাতায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শেখ জামালের সভাপতি মনজুর কাদের বলেন, “ফাইনালে ওভাবে হেরে গিয়ে আমি ব্যথিত। এটা মেনে নেয়া খুব কঠিন।”“এর আগে আমি আবাহনীর ব্যবস্থাপক ছিলাম, মুক্তিযোদ্ধা দলও গঠন করেছি। তবে শেখ জামাল যেভাবে কলকাতা মাতিয়ে দিয়েছে তা এক কথায় অতুলনীয়। ফাইনালের হতাশা ছাড়া গত ১৫-১৬ দিন কলকাতায় আমাদের ভালোই কেটেছে।”ফাইনালে দলের ‘প্রাণভোমরা’ হাইতির ফরোয়ার্ড সনি নর্দের লাল কার্ড নিয়ে মনজুর কাদের কোনো মন্তব্য করতে রাজি হননি।
“এই অঞ্চলের ফুটবলে এমন হয়েই থাকে। এ নিয়ে কথা বলে আর কী লাভ! শিল্ড তো আর পাবো না। তবে এই সফর দিয়ে দুই দেশের মধ্যে সৌহার্দ্য বেড়েছে।”
শিরোপা জিততে না পেরে রাগে-ক্ষোভে শেখ জামাল পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেছে বলে কলকাতার গনমাধ্যমে খবর বেরিয়েছে।
এ প্রসঙ্গে দলটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আব্দুল গাফফার বলেন, “বিষয়টি নিয়ে আসলে ভুল বোঝাবুঝি হয়েছে। তখন কলকাতা মোহামেডানের সমর্থকরা মাঠে ঢুকে পড়েছিল। তারা অনুষ্ঠানস্থল ঘিরে ফেলে। পুলিশ লাঠিচার্জ করায় আমরা অনুষ্ঠানে যেতে পারিনি।”
“তাছাড়া আয়োজকদের পক্ষ থেকে আমাদেরকে কেউ ঐ অনুষ্ঠানে যাওয়ার জন্য আমন্ত্রণও জানায়নি। তারপরও আমরা ৩৫ মিনিট অপেক্ষা করেছিলাম।”
শেখ জামাল শিরোপা জিততে না পারলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন নর্দে। অধিনায়ক মামুনুল ইসলামের খেলাও নজর কেড়েছে সবার। দুজনকেই দলে নিতে আগ্রহী কলকাতার কয়েকটি ক্লাব।
গাফফার জানান, “দুজনকেই মোহনবাগান ক্লাব নিতে চায়। আমার সামনেই তারা প্রস্তাব দিয়েছে। শুনেছি আরো কয়েকটি ক্লাবও নাকি এই দুজনকে নিতে আগ্রহী।”
“অবশ্য চাইলেই তো হুট করে নেয়া যায় না। নিতে হলে কিছু প্রক্রিয়া আছে। আমরা তাদের ছাড়বো কিনা আর তারা যাবে কিনা সে সব বিষয় তো আছেই।”
কলকাতা মাতিয়ে হতাশা আর তৃপ্তির মিশ্র অভিজ্ঞতা নিয়ে সোমবার দুপুরে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের ঢাকায় ফেরার কথা।
টাইব্রেকারে হেরে শেখ জামালের স্বপ্নভঙ্গ
