২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালোতেল্লির নৈপুণ্যে জয়ের ধারায় মিলান

স্ট্রাইকার মারিও বালোতেল্লির দুর্দান্ত গোল ইতালিয়ান সেরি আয় তিন সপ্তাহ পর জয় এনে দিয়েছে এসি মিলানকে। বোলোনিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 03:40 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

আগের দুই ম্যাচে তোরিনোর সঙ্গে ১-১ গোলে ড্র এবং নাপোলির মাঠে ৩-১ গোলে হেরেছিল মিলান।শুক্রবার রাতে ঘরের মাঠ সান সিরোতে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও দীর্ঘক্ষণ গোলের দেখা না পাওয়ায় আবার পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিল এ মৌসুমের শুরু থেকে ব্যর্থতার বৃত্তে বন্দী মিলান।অবশেষে ৮৬ মিনিটে অসাধারণ গোল করে স্বাগতিকদের দুশ্চিন্তা দূর করেন বালোতেল্লি। মিডফিল্ডার রিকার্দো মন্তোলিভোর পাস থেকে বল পেয়ে প্রায় ৩০ গজ দূর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন মিলানের ‘দুষ্টু ছেলে’।স্বস্তির জয় পেলেও মিলানের শিরোপা ফিরে পাওয়ার আশা নেই-ই বলা যায়। ২৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দশম।২৩ ম্যাচ খেলে শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৬০। ৫১ ও ৪৭ পয়েন্ট নিয়ে রোমা ও নাপোলি আছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। রোমা অবশ্য ২২ ম্যাচ খেলেছে।