২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে খেলবে ফুটবল দল

ভারতের জাতীয় দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। আগামী ৫ মার্চ গোয়ায় হবে ম্যাচটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 07:48 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

দুই দেশের ফুটবল ফেডারেশন আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।ভারতের ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে ম্যাচটি খেলতে যাচ্ছে বাংলাদেশ। গোয়ার একটি স্টেডিয়ামের উদ্বোধন উপলক্ষে ম্যাচটি আয়োজন করা হয়েছে।বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অবশ্য ম্যাচটি কলকাতায় খেলতে চেয়েছিল। কিন্তু কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে সিনথেটিক টার্ফ থাকায় ভারতীয় জাতীয় দল কমিটি সেখানে ম্যাচটি আয়োজন করতে রাজি হয়নি।গোয়ায় বাংলাদেশ দলকে থাকা-খাওয়ার সুবিধা দেবে স্থানীয় ফুটবল ফেডারেশন। বাংলাদেশকে শুধু যাতায়াত খরচ বহন করতে হবে।এদিকে দীর্ঘ ৪৯ দিনের ছুটি কাটিয়ে জাতীয় দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টার ঢাকায় ফিরেছেন।মঙ্গলবার ঢাকায় ফেরা দুই ডাচ শিগগিরি ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্য জাতীয় দলকে নিয়ে অনুশীলন শুরু করবেন।বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, “দুই কোচকে আমরা এই ম্যাচের কথা জানিয়েছি। আপাতত এই ম্যাচকে সামনে রেখে কাজ করবেন তারা। এ নিয়ে দু-একদিনের মধ্যে দুজনের সঙ্গে কথা বলবো আমরা।”বাফুফের অর্থ সঙ্কটের কারণে ডি ক্রুইফ ও কোস্টারের কয়েক মাসের বেতন বকেয়া পড়ে গেছে। ছুটিতে থাকার সময় দুজনের এক মাসের বেতন পাঠিয়ে দিয়েছিল বাফুফে। ফুটবলাঙ্গনে গুঞ্জন, বেতন পাওয়ার পরই তারা ঢাকায় এসেছেন।বাফুফে কর্মকর্তারা অবশ্য এ কথা স্বীকার করতে রাজি নন। তবে দুই মাসের বেতন বকেয়া থাকার কথা জানিয়ে বাফুফের সাধারণ সম্পাদক বলেন, “দুজনের দুই মাসের বেতন বাকি থাকলেও তা খুব শিগগিরই দিয়ে দেয়া হবে।”