ইতালিয়ান কাপের ফাইনালে ফিওরেন্তিনা
ইতালিয়ান কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে উদিনেজের বিপক্ষে হেরে গেলেও ফিরতি লেগে ২-০ গোলে জিতে ফাইনালে উঠেছে ফিওরেন্তিনা।
দুই লেগ মিলে ফিওরেন্তিনার জয়ের ব্যবধান ৩-২। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরেছিল তারা।
নিজেদের মাঠে ম্যাচের দুই অর্ধে গোল দুটি করেছে ফিওরেন্তিনা। ১৪ মিনিটে ডিফেন্ডার মানুয়েল পাসকুয়েলের দুর্দান্ত ভলিতে এগিয়ে যায় স্বাগতিকরা।
আর ৬১ মিনিটে জোরালো শটে লক্ষ্যভেদ করেন কলম্বিয়ান মিডফিল্ডার হুয়ান কুয়াদরাদো।
ম্যাচে ফিরতে মরিয়া উজিনেজে সাত মিনিটের ইনজুরি সময়ে উল্টো নয়জনের দলে পরিণত হয়। লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন মারিজিও দোমিজ্জি ও বদলি মিডফিল্ডার ঘানার এমানুয়েল বাদু।
‘কোপ্পা ইতালিয়া’ নামে পরিচিত সেমি-ফাইনালের অপর ম্যাচটি হবে বুধবার। প্রথম লেগে রোমা ৩-২ গোলে হারিয়েছিল নাপোলিকে।
