শিরোপা লড়াইয়ে চেলসির হোঁচট
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে হোঁচট খেয়েছে চেলসি। মঙ্গলবার রাতে শেষ মুহূর্তে গোল খেয়ে ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে ড্র করেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থাকা দলটি।
১-১ গোলের এই ড্রয়ে এখনও শীর্ষস্থান হাতছাড়া হয়নি ৫৭ পয়েন্ট পাওয়া চেলসির। তবে বুধবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজের দলটিকে ছাড়িয়ে যাবার সুযোগ পাচ্ছে আর্সেনাল (৫৫) ও ম্যানচেস্টার সিটি (৫৪)।
প্রথমার্ধের ইনজুরি সময়ে ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। কিন্তু ম্যাচের নির্ধারিত সময়ের তিন মিনিট আগে ভিক্টর আনিচেবের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
মঙ্গলবার রাতে অন্য ম্যাচে সাউথহ্যাম্পটন ১-০ গোলে হারিয়েছে হাল সিটিকে। ওয়েস্ট হ্যাম ২-০ গোলে নরিচ সিটিকে হারিয়েছে।
কার্ডিফ সিটি ও অ্যাস্টন ভিলার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
