এবার ম্যান ইউর সামনে আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়ে চলা ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে আরেকটি কঠিন পরীক্ষা। বুধবার তাদের প্রতিপক্ষ স্বাগতিক আর্সেনাল।
ইপিএলে রেকর্ড ১৩বার চ্যাম্পিয়ন হলেও এ মৌসুমে ভীষণ দুরবস্থা ম্যান ইউর। শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় শেষই বলা যায় তাদের।গত রোববার ফুলহ্যামের সঙ্গে ড্র করা ‘রেড ডেভিলস’ ২৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে পড়ে আছে। ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৫৫।এবারের প্রিমিয়ার লিগে ম্যান ইউর দুরবস্থা বোঝাতে এই পরিসংখ্যানই যথেষ্ট। ২৫ ম্যাচের মধ্যে আটটিতেই হেরেছে তারা, ড্র করেছে পাঁচটি। সর্বশেষ ছয় ম্যাচের পারফরম্যান্স আরো করুণ -- তিনটি হার, একটি ড্রয়ের পাশে মাত্র দুটি জয়।আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে তাই ইপিএলের সফলতম দলের ‘অগ্নিপরীক্ষা’।ডেভিড ময়েস অবশ্য এখনো ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। ম্যান ইউর কোচ বলেন, “আমাদের লিগের বাকি সব ম্যাচ জিততে হবে। আপনাদের যতবার ইচ্ছা আমাকে এই প্রশ্ন করতে পারেন। প্রতিবারই আমি একই কথা বলবো যে আমাদের সব ম্যাচ জিততে হবে।”শিরোপা পুনরুদ্ধারের পথে দুরন্ত গতিতে এগিয়ে চলা আর্সেনালের সামনে গত শনিবারের ধাক্কা সামলে ওঠার সুযোগ। সেদিন লিভারপুলের মাঠে প্রথম ২০ মিনিটের মধ্যে চার গোল খেয়ে শেষ পর্যন্ত ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল আর্সেন ভেঙ্গারের দল।এর ফলে শীর্ষস্থানও হারিয়েছে ‘গানার্স’ নামে পরিচিত আর্সেনাল। তাদের পেছনে ফেলে শীর্ষে উঠে গেছে জোসে মরিনিয়োর চেলসি।
