মামুনুলের চোখে শিরোপা-স্বপ্ন
ভারতের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আইএফএ শিল্ডে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক মামুনুল ইসলাম।
মঙ্গলবার সেমি-ফাইনালে ভারতের অন্যতম শক্তিশালী দল ইস্ট বেঙ্গলকে হারানোর পর কলকাতা থেকে টেলিফোনে তিনি বলেন, “ফাইনালে উঠে আমরা খালি হাতে ফিরতে চাই না। শিরোপা জিতে আমরা বাংলাদেশের কোটি-কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চাই।”“আমার বিশ্বাস শিরোপা আমরাই জিতবো। হয়তো ফাইনালে জেতা খুব একটা সহজ হবে না। তবে সেমি-ফাইনালে ইস্ট বেঙ্গলের বিপক্ষে আমরা যেমন খেলেছি ফাইনালে তেমন খেলতে পারলে জয় আমাদের ঘরেই আসবে।”
দলের খেলায় সন্তোষ প্রকাশ করে শেখ জামালের অধিনায়ক আরো বলেন, “আমরা শুধু জয়ই পাইনি, দলের প্রত্যেক খেলোয়াড় নিজ-নিজ পজিশনে খুবই ভালো খেলেছে। তিন বিদেশি হাইতির সনি নর্দে ও ওয়েডসন অ্যানসেলমে এবং নাইজেরিয়ার এমেকা ডার্লিংটন তো অসাধারণ খেলেছে।”
শেখ জামালের সভাপতি মনজুর কাদেরও উচ্ছ্বসিত। তিনি বলেন, “আমার স্বপ্ন ছিল মোহনবাগান ও ইস্ট বেঙ্গল ক্লাবকে হারানো। খেলোয়াড়রা সেই স্বপ্ন পূরণ করেছে। আমি ভাবতেই পারিনি আমার দল এতো ভালো খেলবে।”
“ইস্ট বেঙ্গলের বিপক্ষে এই জয় আমরা প্রয়াত শেখ জামালের স্মৃতির প্রতি উৎসর্গ করছি।”
সেমি-ফাইনাল দেখতে মঙ্গলবার সকালে কলকাতা যাওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন টেলিফোনে জানান, “আমার বন্ধু মনজুর কাদের এই দলের জন্য অনেক পরিশ্রম করছে। এই সাফল্যে তার কষ্ট সার্থক। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সাফল্য বাংলাদেশের ফুটবলের উন্নয়নে অবদান রাখবে।”
