মঙ্গলবার থেকে আন্তঃজেলা মহিলা কাবাডি
আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আন্তঃজেলা মহিলা কাবাডি। প্রথম পর্বে সাতটি ভেন্যুতে ২৯টি দল অংশ নেবে।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানিয়েছেন, “প্রথম পর্ব শেষে ১০টি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব হবে। এই প্রতিযোগিতার পারফরম্যান্সের ভিত্তিতে ইনচন এশিয়ান গেমসের জন্য জাতীয় দল গড়া হবে।”প্রথম পর্বের সাত ভেন্যুর চ্যাম্পিয়ন চূড়ান্ত পর্বে খেলবে। তাদের সঙ্গে যোগ দেবে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা এবং চট্টগ্রাম ভেন্যু থেকে কুমিল্লা ও সিলেট ভেন্যু থেকে হবিগঞ্জ। চট্টগ্রাম ভেন্যুতে কুমিল্লা ও সিলেট ভেন্যুতে হবিগঞ্জ একমাত্র দল হওয়ায় তারা সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাচ্ছে।
