নাপোলিকে হারিয়ে এগিয়ে রোমা
ইতালিয়ান কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে স্ট্রাইকার জারভিনহোর জোড়া গোলে নাপোলিকে হারিয়েছে রোমা।
ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকোয় ৩-২ গোলের এই জয়ে ফাইনালের পথে এগিয়ে গেল রাজধানীর দলটি।
১৩ মিনিটেই রোমাকে এগিয়ে দেন আইভরি কোস্টের জানভিনহো। ৩২ মিনিটে ব্যবধান বাড়ান নেদারল্যান্ডসের মিডফিল্ডার কেভিন স্ট্রুটমান।
২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া রোমা সহজ জয়ের স্বপ্নই দেখছিল। কিন্তু ৪৭ মিনিটে স্বাগতিকদের একটি আত্মঘাতী গোল ও ৭০ মিনিটে স্ট্রাইকার ড্রাইস মার্তেন্সের লক্ষ্যভেদে উল্টো জয়ের স্বপ্ন দেখতে শুরু করে অতিথিরা।
তবে নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ব্যাক্তিগত দ্বিতীয় গোল করে রোমার জয় নিশ্চিত করেন জারভিনহো।
মঙ্গলবার প্রথম সেমি-ফাইনালের প্রথম লেগে ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের পথ সুগম করেছে উদিনেজে।
