ম্যান সিটি, চেলসির গুরুত্বপূর্ণ লড়াই
সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইপিএলের এক গুরুত্বপূর্ণ ম্যাচে চেলসিকে স্বাগত জানাবে ম্যানচেস্টার সিটি।
১৫ ফেব্রুয়ারি এফএ কাপের পঞ্চম রাউন্ডে আবার মুখোমুখি হবে ইংল্যান্ডের দুই জনপ্রিয় দল। সোমবারের মতো ঐ ম্যাচও হবে ম্যান সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে।সোমবার চেলসির সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। এবারের ইপিএলে এখনো ঘরের মাঠে অপরাজিত মানুয়েল পেল্লেগ্রিনির ম্যান সিটি। ইতিহাদ স্টেডিয়ামে লিগে ১১টি জয়ে ৪২ গোল করেছে তারা। আর সব প্রতিযোগিতা মিলে ১৮টি ম্যাচের ১৭টিতেই জিতেছে, গোল করেছে ৭২টি।প্রতিপক্ষের মাঠে চেলসির পারফরম্যান্সও অবশ্য খারাপ নয়। সর্বশেষ ১৩টি ‘অ্যাওয়ে’ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে জোসে মরিনিয়োর দল।
গত অক্টোবরে ঘরের মাঠে ম্যান সিটিকে ২-১ গোলে হারানো চেলসির কোচ মরিনিয়ো সোমবারও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, “চেলসি প্রতিটি ম্যাচই জেতার চেষ্টা করে। আমরা আমাদের খেলার দর্শন বদলাবো না। একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা খেলতে যাচ্ছি।”
গুরুত্বপূর্ণ লড়া্ইয়ে আগে দু দলই চোট সমস্যায় জর্জরিত। হাঁটুর চোটের কারণে খেলতে পারবেন না চেলসির স্ট্রাইকার ফার্নান্দো তরেস।
ম্যান সিটির সমস্যা আরো বেশি। স্ট্রাইকার স্যার্হিও আগুয়েরো এবং দুই মিডফিল্ডার সামির নাসরি ও জাভি গার্সিয়াকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। তিন জনই চোট আক্রান্ত।
