হার দিয়ে আইএফএ শিল্ড শুরু শেখ জামালের
ভারতের আইএফএ শিল্ডে প্রথম ম্যাচেই পরাজিত শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। প্রথমে গোল করেও কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে ২-১ গোলে হেরে গেছে তারা।
কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গণে ৪১ মিনিটে হাইতির স্ট্রাইকার সনি নর্দে এগিয়ে দেন শেখ জামালকে।দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোসিমারের পেনাল্টি ঠেকিয়ে দেন শেখ জামালের গোলরক্ষক জিয়া।
কিন্তু শেষ রক্ষা হয়নি ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের।
৫৮ মিনিটে মিডফিল্ডার অসীম বিশ্বাসের গোল সমতায় ফেরায় কলকাতা মোহামেডানকে।
৮৫ মিনিটে কলকাতার ঐতিহ্যবাহী দলটির জয়সূচক গোলদাতা পেনাল্টি মিস করা জোসিমার।
৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে সিকিম ইউনাইটেড ফুটবল ক্লাবের বিপক্ষে খেলবে শেখ জামাল। ৬ ফেব্রুয়ারি শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ কলকাতার আরেক ঐতিহ্যবাহী দল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব।
