২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনথেটিক টার্ফ পাচ্ছে হকি ফেডারেশন

আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সহায়তায় একটি সিনথেটিক টার্ফ পাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন। রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এফআইএইচ সভাপতি লিয়ান্দ্রো নেগ্রে এ কথা জানিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 08:12 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

চার লাখ মার্কিন ডলার দামের নীল রংয়ের টার্ফটি পাওয়ার জন্য হকি ফেডারেশনকেও কিছু খরচ করতে হবে। দিতে হবে ৭৫ হাজার ডলার।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই টাকা দেয়ার আশ্বাস দিয়েছেন। রোববার সচিবালয়ে এফআইএইচ সভাপতির সঙ্গে বৈঠক শেষে টার্ফের জন্য ৭৫ হাজার ডলার দেয়ার আশ্বাস দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিয়ান্দ্রো নেগ্রে বলেন, “আমরা সামান্য অর্থের বিনিময়ে বাংলাদেশকে একটি টার্ফ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী সেপ্টেম্বরে আবার আমি ঢাকায় আসবো। তখন আনুষ্ঠানিক চুক্তি হবে। আশা করি এই সময়ের মধ্যে বাকি সব কাজের অগ্রগতি হবে।”এই টার্ফ ছাড়াও ৪০/৪০ ফুটের একটি ছোট টার্ফ বিনা মূল্যে বাংলাদেশকে দেয়া হবে। এটি ঢাকার এমন একটি স্কুলে বসানো হবে, যেখানে নিয়মিত হকি খেলা হয়।এছাড়া কিছু ছাড় দিয়ে হকি ফেডারেশনকে ফ্লাড লাইট দেয়ারও প্রতিশ্রুতি দিয়ে নেগ্রে বলেন, “চারটি ফিলারে ফ্লাড লাইটের জন্য প্রায় ২০ হাজার ডলার ছাড় দেয়ার কথা বলেছি আমরা। শিগগিরি এফআইএইচ-এর কয়েক জন কর্মকর্তা মওলানা ভাসানী হকি স্টেডিয়াম পরিদর্শনে আসবেন। তারপরই সবকিছু চূড়ান্ত হবে।”এসবের বাইরে এফআইএইচ থেকে জাতীয় দলের জন্য দীর্ঘ মেয়াদে একজন কোচ চেয়েছেন হকি ফেডারেশনের কর্মকর্তারা। নেগ্রে তাদের আশ্বাস না দিলেও হতাশও করেননি।এ প্রসঙ্গে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানান, “বিওএ’র মাধ্যমে জাতীয় দলের জন্য এফএইএইচের কাছে একজন কোচ অনেক আগে আমরা চেয়েছিলাম। এ ব্যাপারে নেগ্রের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তিনি আমাদের হতাশ করেননি।”“এফএইএইচ অনুমোদন দিলে আমরা ইউরোপের একজন ভালোমানের কোচ চাই। তার মাধ্যমে বাংলাদেশের হকির কিছুটা হলেও অগ্রগতি হবে। ভারত ও পাকিস্তান থেকে কোচ এনে আমাদের তেমন লাভ হয়নি।”