আবাহনীর হকি দলে পাকিস্তানের তিন খেলোয়াড়
প্রিমিয়ার হকি লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলতে বুধবার ঢাকায় এসেছেন পাকিস্তান জাতীয় দলের তিন খেলোয়াড়।
তারা হলেন কাসিব আলী, আমির শেহজাদ ও মোহাম্মদ তৌসিক। গত অগাস্ট-সেপ্টেম্বরে মালয়শিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানের হয়ে খেলেছিলেন তারা।কাসিব ডিফেন্ডার, শেহজাদ মিডফিল্ডার ও তৌসিক অ্যাটাকিং মিডফিল্ডার। কাসিব গত মৌসুমেও আবাহনীর হয়ে খেলেছিলেন।যদিও আবাহনী আগে জানিয়েছিল, পাকিস্তান থেকে কোনো খেলোয়াড় তারা আনবে না। এ প্রসঙ্গে আবাহনীর কোচ মাহবুব হারুন বলেন, “আমরা ভারত থেকে খেলোয়াড় আনার চেষ্টা করেছিলাম। কিন্তু ভারতে লিগ শুরু হয়ে যাওয়ায় পাকিস্তান থেকে খেলোয়াড় আনতে বাধ্য হয়েছি।”“তিন জনই ভালো মানের খেলোয়াড়। তারা যোগ দেয়ায় আমাদের দলের শক্তি অনেক বেড়ে যাবে। এটা আমাদের শিরোপা জয়ের ক্ষেত্রে সাহায্য করবে।”
