বারিধারাকে হারিয়ে শীর্ষে আবাহনী
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জিতেই চলেছে আবাহনী লিমিটেড। পেশাদার লিগের চারবারের চ্যাম্পিয়নরা উত্তর বারিধারাকে হারিয়েছে। প্রথমটির মতো মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচের ফলাফলও ২-০।
এই জয়ের সুবাদে আবাহনী এখন এককভাবে লিগের শীর্ষে। ৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে সবাইকে চমকে দেয়া নবাগত উত্তর বারিধারা ৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১২ মিনিটে ঘানার স্ট্রাইকার ওসই মরিসনের ক্রস থেকে মিডফিল্ডার শাহেদুর রহমান চমৎকার প্লেসিং শটে এগিয়ে যায় আবাহনী।৪৮ মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে, বক্সে ঢুকে, কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন ঘানার ফরোয়ার্ড আউডু ইব্রাহিম।৭১ মিনিটে আত্মঘাতী গোল খাওয়া থেকে বেঁচে যায় আবাহনী। জটলা থেকে বল বিপদমুক্ত করতে চাওয়া অধিনায়ক ও ডিফেন্ডার মোহাম্মদ সুজনের হেড ক্রস বারে লেগে ফিরে এলে হতাশ হতে হয় উত্তর বারিধারাকে।জিতলেও আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমি দলের খেলায় সন্তুষ্ট নন। খেলা শেষে তিনি বলেন, “খেলোয়াড়দের মধ্যে পেশাদারিত্বের কিছুটা ঘাটতি রয়েছে। যে কারণে দুই গোল পাওয়ার পর তাদের খেলায় শিথিলতা চলে এসেছে। এটা দলের জন্য ভালো লক্ষণ নয়।”উত্তর বারিধারার কোচ মোহাম্মদ আলমগীর বলেন, “খেলোয়াড়দের অভিজ্ঞতার অভাবের কারণে আমরা হেরেছি। তবে আবাহনী যে খুব ভালো খেলে জিতেছে তা আমি বলবো না।”
