২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফের সংবর্ধনায় যেতে পারেননি জয়

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যাননি জাতীয় দলের সাবেক ফুটবলার এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 08:38 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

তবে মঙ্গলবার বাফুফে ভবনে অনুষ্ঠিত এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন অন্য দুই সংসদ সদস্য বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও সদস্য শামসুল হক চৌধুরী।সোমবার রাত একটায় জয়ের একান্ত সচিব ফোন করে জানান, ক্রীড়া উপমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। কারণ মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কাজে তাকে টাঙ্গাইলে যেতে হবে।

তার পরও বাফুফে কর্মকর্তারা মঙ্গলবার দুপুর পর্যন্ত জয়কে অনুষ্ঠানে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন। তার জন্য অনেকক্ষণ অপেক্ষাও করেছিলেন তারা।

এ ব্যাপারে জানার জন্য জয়কে ফোন করা হলে তার একান্ত সচিব সাইফুল ইসলাম জানান, “মন্ত্রী মহোদয় এখন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভায় আছেন। তাই এই মুহূর্তে উনার সঙ্গে কথা বলা সম্ভব নয়। কথা বলার জন্য কখন তিনি সময় পাবেন আমি তা নিশ্চিত করে বলতে পারছি না। কারণ এরপর উনার আরেকটি সভা আছে।”

এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “গত বৃহস্পতিবার ক্রীড়া উপমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছিলাম আমি। তখন তিনি এই অনুষ্ঠানে আসার কথা নিশ্চিত করেছিলেন। তারপরও আমরা তাকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছি। আমরা তাকে পাওয়ার ব্যাপারে শেষ পর্যন্ত আশাবাদী ছিলাম।”

“যদিও সোমবার রাতে হঠাৎ করে উনার একান্ত সচিব আমাকে ফোন করে জানান, এই অনুষ্ঠানে তিনি আসতে পারবেন না। এতো অল্প সময়ের মধ্যে আমরা অনুষ্ঠানটি বাতিল করতে পারিনি। কিন্তু আমরা আশাবাদী ছিলাম তিনি শেষ পর্যন্ত আসবেন।”

বাফুফে সহ-সভাপতি জয় নেত্রকোনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে যুব ও ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

কাজী নাবিল আহমেদ যশোর-৩ ও শামসুল হক চৌধুরী চট্টগ্রাম-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এই দুজনকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছেন।