২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষে বার্সেলোনা, সঙ্গী আতলেতিকো

আগের দিন জয় পেয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে চলে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। নিজেদের ম্যাচে সহজ জয়ে তাদের টপকে গেছে বার্সেলোনা আর আতলেতিকো মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 08:45 AM

Updated : 01 Sep 2026, 12:18 PM

রোববার রাতে লিওনেল মেসি গোল পেতে ব্যর্থ হলেও লা লিগা চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারিয়েছে মালাগাকে। আতলেতিকো মাদ্রিদ ৪-২ গোলে হারিয়েছে রায়ো ভায়েকানোকে।

শীর্ষে থাকা দুই দল ২১ ম্যাচ থেকে পেয়েছে ৫৪ পয়েন্ট। শনিবার গ্রানাদাকে ২-০ গোলে হারানো রিয়ালের পয়েন্ট ৫৩।

রোববার ওসাসুনাকে ৫-১ গোলে উড়িয়ে দেয়া আথলেতিক বিলবাও ৪২ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

ক্যাম্প নউতে শুরু থেকেই আক্রমণে ছিল বার্সেলোনা। অ্যালেক্সিস সানচেস আর লিওনেল মেসি অল্পের জন্য গোল ‘মিস’ করলেও বিরতির পাঁচ মিনিট আগে চাভির কর্নার থেকে গোল পান ডিভেন্ডার জেরার্ড পিকে।

বিরতির দশ মিনিট পর মেসির পাস থেকে গোল করেন পেদ্রো রদ্রিগেস। খানিক বাদে মেসির পাস থেকে পেদ্রোর ক্রসে বল পেয়ে গোল করেন চিলির ফরোয়ার্ড সানচেস।

পেদ্রো আর সানচেস দু’জনেই লিগের নিজেদের ১২তম গোল পেলেও গোল খরায় ভুগছেন মেসি। এ নিয়ে লা লিগায় আট ম্যাচে গোলশূন্য রইলেন আর্জেন্টিনার এই তারকা।

তবে মেসি সাফল্য পাক বা না পাক, ক্যাম্প নউতে জিতেই চলেছে বার্সেলোনা। এ নিয়ে লা লিগায় টানা ২৫টি ম্যাচ জিতলো স্বাগতিকরা।

রায়ো ভায়াকানোর স্টেডিয়ামে ম্যাচের আট মিনিটেই আতলেতিকোকে এগিয়ে নেন ডাভিদ ভিয়া।

ব্যবধান দ্বিগুণ করেন স্পেনে 'তুর্কি জাদুকর' হিসেবে পরিচিত আরদা তুরান। জোনাথন ভিয়েরা ব্যবধান কমালেও বিরতির আগে নিজের দ্বিতীয় গোলটি করে আবার ব্যবধান বাড়ান মিডফিল্ডার তুরান।

রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোর পর লা লিগায় এ মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা দিয়েগো কস্তা নিজের ২০তম গোলটি প্রায় পেয়েই গিয়েছিলেন। কিন্তু ৭৫তম মিনিটে বল জালে ঢোকালেও তা পরে বিবেচিত হয় রায়ো মিডফিল্ডার সাউল নিগুয়েসের আত্মঘাতি গোল হিসেবে।

পরের মিনিটে রায়ো ভায়েকানো আরেকটি গোল শোধ করলেও খেলায় আর ফিরে আসতে পারেনি।