২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডান, শেখ রাসেলের লড়াই অমীমাংসিত

রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 08:08 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শেখ রাসেলের অবস্থান তৃতীয়। সমান ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে মোহামেডান আছে পঞ্চম স্থানে।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৯ মিনিটে মোহামেডানের ডিফেন্ডার মিন্টু শেখের কাছ থেকে বল কেড়ে নিয়ে, গোলরক্ষককে কাটিয়ে শেখ রাসেলকে এগিয়ে দেন জ্যামাইকান মিডফিল্ডার রিকার্ডো কাজিন্স।তিন মিনিট পর মোহামেডানের মিশরীয় মিডফিল্ডার মোস্তফা সিদ্দিকের ক্রস থেকে স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির হেড ক্রস বার ঘেঁষে বাইরে চলে যায়।তবে ৫২ মিনিটে ভুল করেননি এমিলি। ফরোয়ার্ড ওয়াহেদ আহমেদের ক্রস থেকে তার হেড সমতা নিয়ে আসে ম্যাচে।সমতা আসার পর-পরই একটি থ্রো-ইনকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়রা সংঘর্ষে জড়িয়ে পড়েন। কয়েক জনের মধ্যে হাতাহাতিও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক জনকে হলুদ কার্ড দেখাতে বাধ্য হন রেফারি।খেলা শেষে শেখ রাসেলের কোচ মারুফুল হক দাবি করেন, মোহামেডান ‘প্রতারণা’ করে গোলটি করেছে। তিনি বলেন, “ওদের একজন খেলোয়াড় আহত হয়ে মাটিতে পড়ে যাওয়ায় আমাদের একজন বল বাইরে মেরেছে। তাই থ্রো-ইনের পর বল আমাদের কাছেই দেয়া উচিৎ ছিল তাদের। কিন্তু তা না করে মোহামেডানের খেলোয়াড়রা নিজেদের মধ্যে বল দেয়া-নেয়া করে গোলটি করেছে।”“সে সময় আমাদের খেলোয়াড়রা প্রস্তুত ছিল না। মোহামেডান ‘ফেয়ার প্লে’ খেলেনি। তারা প্রতারণা করে গোলটি করেছে।”অন্যদিকে মোহামেডানের পর্তুগিজ কোচ রুই হোসে ক্যাপেলা বাতিস্তা বলেন, “গোলটি ‘ফেয়ার প্লে’ অনুযায়ী হয়েছে কিনা, তা আমি ভালোভাবে দেখিনি। তবে আমাদের খেলোয়াড়রা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে আমরা জয় নিয়েই মাঠ ছাড়তাম।”