২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউয়ে গিয়ে উচ্ছ্বসিত মাতা

চেলসি ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন হুয়ান মাতা। তিন কোটি ৭১ লাখ পাউন্ড ‘ট্রান্সফার ফি’তে ম্যান ইউয়ের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন স্পেনের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 03:45 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

এই হিসেবে ম্যান ইউয়ের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়ও এখন মাতা। এর আগে ২০০৮ সালে টটেনহ্যাম থেকে বুলগেরিয়ার স্ট্রাইকার দিমিতর বারবাতোভকে সবচেয়ে বেশি দামে কিনেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দলটি।

মাতার ওল্ড ট্র্যাফোর্ডে যাওয়া নিয়ে কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল- অবশেষে শনিবার সে প্রক্রিয়া শেষ হয়।

বর্তমান চ্যাম্পিয়ন ম্যান ইউয়ে এসে দারুণ খুশি মাতা বলেন, “সময়টা আমার জন্য নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছে। ক্লাবের ইতিহাসের নতুন অধ্যায়ের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত।”

এফএ কাপ ও লিগ কাপ থেকে ইতোমধ্যে ছিটকে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আর চলতি মৌসুমে ইপিএলে ব্যর্থতার গণ্ডি থেকে বেরোতেই পারছে না ম্যান ইউ। ২২ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকা ‘রেড ডেভিলস’ নামে পরিচিত দলটির শিরোপা ধরে রাখার সম্ভাবনা শেষ বললেই চলে।