দুই ‘মহাতারকা’র ফাইনালে ওঠার লড়াই
আরেকটি রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় টেনিস বিশ্ব। শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন দুই ‘মহাতারকা’ রজার ফেদেরার ও রাফায়েল নাদাল।
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে নাদাল শীর্ষ বাছাই হলেও সাম্প্রতিক সময়ের ব্যর্থতা রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরারকে বাছাই তালিকায় ষষ্ঠ স্থানে ঠেলে দিয়েছে।ফেদেরারের চেয়ে চারটি কম গ্র্যান্ড স্লাম জেতা নাদালের প্রত্যাবর্তন এক কথায় অসাধারণ। হাঁটুর চোটের কারণে ২০১২ সালের মাঝামাঝি সময় থেকে টানা ৭ মাস কোর্টের বাইরে ছিলেন নাদাল। সে সময় এটিপি র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে নেমে গিয়েছিলেন। কিন্তু গত ফেব্রুয়ারিতে ফেরার পর থেকে এই স্প্যানিয়ার্ডের র্যাকেটে সাফল্যের জোয়ার।২০১৩ সালে ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনসহ ১০টি শিরোপা জিতেছেন নাদাল। গত অক্টোবরে নোভাক জোকোভিচকে সরিয়ে ফিরে পেয়েছেন র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও।তবে টেনিস-জীবনের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার আগে একটা দুশ্চিন্তা তাড়া করে বেড়াচ্ছে নাদালকে। বাঁ হাতে ব্যথার কারণে কোয়ার্টার-ফাইনালে সার্ভ করার সময় কিছুটা সমস্যায় পড়তে হয়েছে তাকে।সেমি-ফাইনালের আগের দিনও এই চোট নিয়ে উদ্বিগ্ন ২৭ বছর বয়সী নাদাল। তিনি বলেন, “এই চোট নিয়ে সার্ভ করার কারণে পুরো ম্যাচেই আমাকে সমস্যায় পড়তে হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ শটের সময় আত্মবিশ্বাস হারালে পরের শটগুলোতেও আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না।”“তবে আমি এটা কাটিয়ে ওঠার চেষ্টা করবো। নইলে আমার ফাইনালে ওঠার কোনো সম্ভাবনাই থাকবে না।”অস্ট্রেলিয়ান ওপেনে মাত্র একবার শিরোপাজয়ী নাদালের ঠিক বিপরীত অবস্থা ফেদেরারের। গত বছর মাত্র একটি শিরোপা জিতেছিলেন তিনি। তা-ও গুরুত্বহীন এক টুর্নামেন্টে। স্বাভাবিকভাবেই র্যাঙ্কিংয়ে অনেক অবনমন হয়েছে পুরুষদের টেনিসের সবচেয়ে সফল খেলোয়াড়ের।তবে ৭৭টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া এবং রেকর্ড ৩০২ সপ্তাহ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ফেদেরার যে ফুরিয়ে যাননি তার প্রমাণ বুধবারের কোয়ার্টার-ফাইনাল। শেষ চারে ওঠার পথে উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারেকে দুর্দান্ত খেলে হারিয়ে দিয়েছেন সুইস তারকা।২০১২ সালে উইম্বলডন জয়ের পর অবশ্য একবারই গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠতে পেরেছেন, গতবারের অস্ট্রেলিয়ান ওপেনে।এক বছর পর মেলবোর্ন পার্কে আবার শেষ চারে উঠতে পেরে দারুণ খুশি ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনে চার বারের চ্যাম্পিয়ন বলেন, “আবার (গ্র্যান্ড স্লামের) সেমি-ফাইনালে উঠতে পারা আমার জন্য একটা অবিশ্বাস্য ফলাফল। এই অনুভূতি একদম আলাদা। কারণ গ্র্যান্ড স্লামে আমাকে কঠিন সময় কাটাতে হচ্ছিল। গত বছর আমি শিরোপা জিততে পারিনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এ বছর আমি তা করতে পারবো।”তবে নাদাল যে ভীষণ কঠিন প্রতিপক্ষ, তা মানতে দ্বিধা নেই ফেদেরারের। এ প্রসঙ্গে তিনি বলেন, “সন্দেহ নেই, তার বিপক্ষে খেলা খুব কঠিন। গ্র্যান্ড স্লামে আবার তার বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আমি খুশি। সর্বশেষ কবে তার বিপক্ষে খেলেছিলাম তা কিছুতেই মনে করতে পারছি না।”গ্র্যান্ড স্লাম শিরোপা-সংখ্যায় এগিয়ে থাকলেও মুখোমুখি লড়াইয়ে অনেক পিছিয়ে ফেদেরার। আগের ৩২টি লড়াইয়ের ২২টিতেই জিতেছেন নাদাল। গ্র্যান্ড স্লামেও ১০বারের মধ্যে ৮বারই ফেদেরারকে হারিয়েছেন তিনি।সর্বশেষ চারটি মুখোমুখি লড়াইয়ে বিজয়ীর নামও রাফায়েল নাদাল। দু বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালেই ফেদেরারকে হারিয়েছিলেন তিনি।
