২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা দেখেই চলে গেলেন হাইতির ফুটবলার

শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলতে আসা হাইতি জাতীয় দলের মিডফিল্ডার প্যাসকাল মিলিয়েন বুধবার সকালে চলে গেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 09:35 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী জানিয়েছেন, “বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা দেখে তার পছন্দ হয়নি। এখানে খেলবে না বলে জানিয়েছে সে। তাই আমরা তাকে রাখতে পারেনি।”যদিও শোনা যাচ্ছে, পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় ফিরে গেছেন মিলিয়েন। মাসিক ৯ হাজার ডলার বেতন দেয়ার কথা বলে তাকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু আসার পরে শেখ রাসেলের কর্মকর্তারা তাকে ৬ হাজার ডলারের বেশি দিতে রাজি হয়নি। তাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

গত বৃহস্পতিবার ঢাকায় আসেন জাতীয় দলের হয়ে ১৪টি ম্যাচ খেলা মিলিয়েন। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের স্ট্রাইকার সনি নর্দের সঙ্গে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকা এই মিডফিল্ডার হাইতির হয়ে চারটি গোল করেছেন।গত মঙ্গলবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে ম্যাচের আগে শেখ রাসেলের কোচ মারুফুল হক জানিয়েছিলেন, অসুস্থতার কারণে মিলিয়েনকে মাঠে নামানো হয়নি।দলবদল চলার সময় তাকে নিবন্ধন করিয়ে, ঢাকায় নিয়ে এসেও খেলাতে পারলো না গত মৌসুমে লিগসহ তিনটি শিরোপাজয়ী শেখ রাসেল।