মোহামেডান, শেখ জামালের লড়াই অমীমাংসিত
নির্ধারিত ৯০ মিনিট এগিয়ে থেকেও জিততে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেষ মুহূর্তে গোল খেয়ে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সঙ্গে ড্র করেছে তারা। খেলার ফলাফল ১-১।
৯ জনের দলে পরিণত হয়েও নির্ধারিত সময়ে ১-০ গোলে এগিয়ে ছিল মোহামেডান। শেষ মিনিটে গোল করে শেখ জামালকে হারের লজ্জা থেকে বাঁচান স্ট্রাইকার তকলিস আহমেদ।ড্র করলেও পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে শেখ জামাল। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান ষষ্ঠ।বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৬০ মিনিটের সময় এগিয়ে যায় মোহামেডান। ফরোয়ার্ড জাহিদ হোসেনের কর্নার শেখ জামালের এক ডিফেন্ডার হেড করলে বক্সের ঠিক বাইরে থেকে চমৎকার ভলিতে বল জালে পাঠিয়ে দেন মিডফিল্ডার মেজবাবুল হক মানিক।এগিয়ে গিয়ে উজ্জীবিত মোহামেডান আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। কিন্তু দুটো লাল কার্ড থমকে দেয় ঐতিহ্যবাহী দলটিকে।৭৫ মিনিটে শেখ জামালের হাইতির স্ট্রাইকার সনি নর্দেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যানক্যামেরুনের ডিফেন্ডার বাইবেক।৮২ মিনিটে আবার মোহামেডানের জন্য আঘাত। শেখ জামালের মিডফিল্ডার সোহেল রানাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন জাহিদ।এরপরই একের পর এক আক্রমণ করে মোহামেডানের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে শেখ জামাল। তার সুফলও পায় শেষ বাঁশির ঠিক আগে। ডিফেন্ডার রায়হান হাসানের ক্রস থেকে তকলিসের হেড ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের এক পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত করে।শেখ জামাল অবশ্য আরো আগে গোল পেতে পারতো। প্রথমার্ধে দুটো সুযোগ পেলেও মোহামেডানের গোলরক্ষক তিতুমীর চৌধুরী টিটুর দৃঢ়তা হতাশ করেছে তাদের।২৩ মিনিটে ডিফেন্ডার আশরাফ মাহমুদ লিঙ্কনের ক্রস থেকে নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডালিংটনের শট ঠেকিয়ে দেন মোহামেডান গোলরক্ষক।৪২ মিনিটে লিঙ্কনের ক্রস থেকেই নর্দের চমৎকার হেড টিটু ফিস্ট করে ক্রস বারের ওপর দিয়ে তুলে দিয়ে আবার হতাশ করেন শেখ জামালকে।খেলা শেষে রেফারি তৈয়ব হাসান বাবুকে মোহামেডানের খেলোয়াড় ও সমর্থকদের তোপের মুখে পড়তে হয়। পুলিশি পাহারায় মাঠ ছাড়ার সময় কয়েকজন সমর্থক মাঠে ঢুকে রেফারিকে লাথি মারেন। তবে পুলিশের হস্তক্ষেপে ঘটনা বেশি দূর গড়াতে পারেনি।
