২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগ কাপের ফাইনালে ম্যান সিটি

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে উড়িয়ে দিয়ে লিগ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। সেমি-ফাইনালের প্রথম পর্ব ৬-০ গোলে জেতার পর মঙ্গলবার রাতে দ্বিতীয় পর্বে ৩-০ গোলে জিতেছে মানুয়েল পেল্লেগ্রিনির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 12:54 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

দুই লেগ মিলিয়ে ৯-০ ব্যবধানে জেতা সিটি ওয়েমব্লিতে ফাইনাল খেলবে নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড অথবা সান্ডারল্যান্ডের বিপক্ষে। সেমি-ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জিতে এগিয়ে আছে সান্ডারল্যান্ড।

প্রথম লেগে হ্যাটট্রিকের পর মঙ্গলবার ওয়েস্ট হ্যামের স্টেডিয়ামে জোড়া গোল করেন স্প্যানিশ স্ট্রাইকার আলভারো নেগ্রেদো। গোল পেয়েছেন আক্রমণভাগে তার সঙ্গী স্যার্হিও আগুয়েরোও।

প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ইংলিশ ফুটবলের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এই লিগ কাপ, যা পৃষ্ঠপোষকের নামে এখন ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত। গত ৩৮ বছরের মধ্যে প্রথমবারের মতো এ টুর্নামেন্টের ফাইনালে উঠলো ম্যানচেস্টার সিটি।

নেগ্রেদোর হ্যাটট্রিকে লিগ কাপের ফাইনালের পথে সিটি